শিবসেনা (UBT) ও MNS জোট ঘোষণা, ১৫ জানুয়ারির লড়াইয়ে কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে গেরুয়া শিবির?

দুই দশকের তিক্ততা ভুলে মরাঠি আবেগের টানে অবশেষে এক মঞ্চে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। বুধবার মুম্বইয়ে এক যৌথ সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা হলো—আসন্ন বৃহন্মুম্বই পুরসভা (BMC) নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে শিবসেনা (ইউবিটি) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। এই জোট কেবল নির্বাচনী সমঝোতা নয়, বরং ১৫ জানুয়ারির মেগা ফাইটে বিজেপি এবং একনাথ শিন্ডে গোষ্ঠীকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক মাস্টারপ্ল্যান।
রাজ ঠাকরে সাফ জানিয়ে দিয়েছেন, জোটের মনোনীত প্রার্থীই হবেন মুম্বইয়ের পরবর্তী মেয়র এবং তিনি অবশ্যই একজন ‘মারাঠা’। উদ্ধব ঠাকরে পাশে বসে আত্মবিশ্বাসের সুরে বলেন, “মুম্বই আমাদের সঙ্গেই থাকবে।” ২০০৬ সালে রাজ শিবসেনা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম দুই ভাই ভোটের ময়দানে এক হলেন। রাজনৈতিক মহলের মতে, শিবসেনা ভাঙনের পর বিএমসি দখল করা উদ্ধবের কাছে যেমন অস্তিত্বের লড়াই, তেমনই রাজের কাছেও এটি হারানো জমি ফিরে পাওয়ার সুযোগ। বিজেপি এই জোটকে ‘পরিবারবাদ’ ও ‘ভয়ের জোট’ বলে কটাক্ষ করলেও, মরাঠি ভোটব্যাঙ্ক একজোট হওয়া শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।