বিজেপি পিছন থেকে ছুরি মারছে! শান্তনু ঠাকুরকে ঘিরে মতুয়াদের তুমুল বিক্ষোভ, হাতাহাতি দুই শিবিরে

মতুয়াদের নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বনগাঁর ঠাকুরবাড়ি। মঙ্গলবার শান্তনু ঠাকুর বলেছিলেন, “৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে গিয়ে যদি আমাদের সম্প্রদায়ের ১ লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতেও আমার আপত্তি নেই।” কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন মতুয়াদের একাংশ।

বুধবার তৃণমূল নেত্রী তথা ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের ডাকে কয়েকশ মতুয়া অনুগামী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে ঠাকুরবাড়িতে জমায়েত করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি মতুয়াদের পিছন থেকে ছুরি মারছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শান্তনু ও মমতাবালার অনুগামীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি শুরু হয়। মমতাবালা ঠাকুর এই বক্তব্যকে ‘মতুয়া বিরোধী’ বলে দেওয়াল লিখন ও লিফলেট বিলির হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, শান্তনু ঠাকুর এই বিক্ষোভকে ‘মূর্খতা’ বলে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, অনুপ্রবেশকারী তাড়াতে তিনি যেকোনো ত্যাগ স্বীকারে রাজি। এই ঘটনার জেরে ঠাকুরবাড়ির অন্দরে ফাটল এবং রাজনৈতিক সংঘাত এখন চরমে।