“মিনি পাকিস্তান নয়, পুরো পাকিস্তান বানানোর ছক”, সুধাংশুর বয়ান হাতিয়ার করে কড়া হুঙ্কার শুভেন্দু অধিকারীর

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—উভয় পারের হিন্দু জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি নিয়ে এবার দিল্লির সংসদ ভবনে তোলপাড় ফেললেন বিজেপি সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সুধাংশু সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “বাংলাদেশে হিন্দু নিধন করছে জামাত-ই-ইসলামি, আর পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর ‘টার্গেটেড অ্যাকশন’ নিচ্ছে তৃণমূল কংগ্রেস।” এমনকি পশ্চিমবঙ্গের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি রাজ্যকে ‘মিনি পাকিস্তান’-এর সঙ্গে তুলনা করেন।

সুধাংশু ত্রিবেদীর এই মন্তব্যকে ঘিরে যখন জাতীয় রাজনীতি উত্তাল, তখন তাঁর সুরেই সুর মিলিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি করেন, রাজ্যে তুষ্টিকরণের রাজনীতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে সুধাংশুর ‘মিনি পাকিস্তান’ মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। শুভেন্দুর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হিন্দুরা নিজেদের দুঃখপ্রকাশ করার অধিকারও হারিয়েছে। বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গেলে এখানে লাঠিচার্জ করা হয়।”

বিজেপি সাংসদের অভিযোগ, বিরোধী ইন্ডি (I.N.D.I.A.) জোটের শরিকরা তামিলনাড়ুর ‘সনাতন ধর্ম নির্মূল’ করার আদর্শ এখন বাংলায় প্রয়োগ করছে। সুধাংশু মনে করিয়ে দেন, তৃণমূলের মন্ত্রী খোদ একটি এলাকাকে ‘মিনি পাকিস্তান’ বলে সম্বোধন করেছিলেন, আর এখন শাসকের মদতে রাজ্যের বহু জায়গায় সেই ছায়া দেখা যাচ্ছে। বাংলাদেশ ইস্যুতে তৃণমূলের ‘নীরবতা’ এবং এরাজ্যে হিন্দুদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনাকেই নিজের বক্তব্যের ঢাল হিসেবে ব্যবহার করেছেন সুধাংশু ও শুভেন্দু।