ছেলের খেলা দেখার জন্য ঘরের বাসনও বিক্রি করেছেন মা! হার না মানা জেদে বাংলা দলে জায়গা পেলেন আকাশ

দারিদ্র্য তাঁর নিত্যসঙ্গী, কিন্তু সেই অভাবকে তুড়ি মেরে উড়িয়ে আজ সাফল্যের শিখরে বাঁকুড়ার ইন্দাসের আকাশ ডোম। দিন আনা দিন খাওয়া পরিবারের এই লড়াকু সন্তান এবার আন্তঃরাজ্য স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ খো-খো বিভাগে বাংলা দলের জার্সি গায়ে নামার সুযোগ পেয়েছে। ফতেপুর গ্রামের এই যুবকের সাফল্যে আজ শুধু তাঁর গ্রাম নয়, গর্বিত গোটা জেলা।
আকাশের এই লড়াই ছিল অত্যন্ত কঠিন। বাবা ভ্যান চালিয়ে কোনওরকমে সংসার চালান। ছেলের খেলার খরচ জোগাতে গিয়ে মা জ্যোৎস্না ডোমকে কখনও কখনও বাড়ির জিনিসপত্র পর্যন্ত বিক্রি করতে হয়েছে। ছোট থেকেই অভাবের মধ্যে বড় হওয়া আকাশ ক্লাস ফাইভ থেকে খো-খো খেলাকে পাখির চোখ করেছিল। শত প্রতিকূলতা সত্ত্বেও একদিনের জন্যও অনুশীলন বন্ধ করেনি সে। তবে সাফল্যের আনন্দ ছাপিয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছিল মধ্যপ্রদেশের জব্বলপুরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাওয়ার খরচ। সেই সংকটকালে ত্রাতা হয়ে পাশে দাঁড়ালেন ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ আকাশকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁর যাতায়াত ও প্রতিযোগিতায় অংশগ্রহণের যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছেন। নিজের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে আকাশ বলে, “শিক্ষকদের উৎসাহ আর নিয়মিত পরিশ্রমই আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।” এখন আকাশের লক্ষ্য জাতীয় স্তরে পারফর্ম করে বাংলার মান উজ্জ্বল করা। ইন্দাস তথা বাঁকুড়াবাসী এখন আকাশের সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছে।