মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ, সিপিএম থেকে বহিষ্কৃত রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষ।

মহিলা কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও যৌন হেনস্থার অভিযোগে সিপিএমের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে দল থেকে বহিষ্কার করা হল। বৃহস্পতিবার ও শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজিত দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে এই বড় সিদ্ধান্তের কথা জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

অভিযোগ উঠেছে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার এক মহিলা সিপিএম কর্মীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন ইন্দ্রজিৎ। বিষয়টি প্রকাশ্যে আসতেই দলের অন্দরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ইন্দ্রজিৎ যেহেতু দলের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তাই তাঁকে বহিষ্কার করার জন্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের প্রয়োজন ছিল। শুক্রবার সেই অনুমোদন মেলার পরেই চূড়ান্ত পদক্ষেপ নেয় দল।

মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন, দলের শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগে ব্যবস্থা নিয়েছিল সিপিএম। বারবার প্রথম সারির নেতাদের বিরুদ্ধে নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে লাল শিবির।