রাতারাতি উধাও ট্রাম্পের ছবি! ‘এপস্টাইন ফাইল’ কাণ্ডে উত্তাল আমেরিকা, ডিলিট হওয়া তথ্য নিয়ে ঘনীভূত রহস্য

ডোনাল্ড ট্রাম্প এবং বিতর্ক— এই দুই যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার কুখ্যাত জেফারি এপস্টাইন ফাইল ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল আমেরিকার রাজনীতি। যৌন অপরাধে অভিযুক্ত মৃত ধনকুবের জেফারি এপস্টাইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছবি জাস্টিস ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইট থেকে ‘রাতারাতি’ মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি প্রবল চাপের মুখে ট্রাম্প নিজেই ‘এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ বিলে সই করেন। এর ফলে শুক্রবার সরকারি ওয়েবসাইটে হাজার হাজার পাতার নথি ও ছবি প্রকাশিত হয়। সেখানে বিল ক্লিনটন, মাইকেল জ্যাকসন এবং মেলানিয়া ট্রাম্পের ছবির পাশাপাশি খোদ ডোনাল্ড ট্রাম্পের ছবিও এপস্টাইনের সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু শনিবার সকাল থেকেই সেই নির্দিষ্ট ছবি ও কিছু তথ্য ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায়। সরকারের পক্ষ থেকে এই ‘নিখোঁজ’ ফাইলের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
জেফারি এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে নাবালিকাদের যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে আমেরিকার বহু প্রভাবশালী ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে। নথিপত্র ডিলিট হওয়ার পর ডেমোক্র্যাটরা ট্রাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রশ্ন তুলেছেন, “আমেরিকার নাগরিকদের কাছে আর কী কী লুকানো হবে? আমরা পূর্ণ স্বচ্ছতা চাই।” সরকারের এই পদক্ষেপ তথ্য গোপনের চেষ্টা কি না, তা নিয়ে তোলপাড় হোয়াইট হাউস।