“মনরেগার ওপর বুলডোজার চালাচ্ছে মোদী সরকার!” প্রকল্পের নাম বদল নিয়ে বিষ্ফোরক সোনিয়া গান্ধী।

সংসদের শীতকালীন অধিবেশনে পাস হওয়া নতুন বিলের মাধ্যমে মনরেগা (MGNREGA) প্রকল্পের নাম ও রূপরেখা পরিবর্তন করার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রণংদেহী মেজাজে ধরা দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী। শনিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে ‘কালো আইন’ (Black Law) বলে অভিহিত করেছেন।

“বিপ্লবী প্রকল্পকে ধ্বংস করা হচ্ছে” সোনিয়া গান্ধী তাঁর বার্তায় ২০০৫ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে অত্যন্ত বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে এই আইন পাস হয়েছিল। তাঁর দাবি:

গত ২০ বছরে এই প্রকল্প দেশের বঞ্চিত, শোষিত ও ভূমিহীন মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল।

কোনো আলোচনা বা বিরোধীদের পরামর্শ ছাড়াই সরকার একতরফাভাবে এই প্রকল্পের কাঠামো বদলে দিয়েছে।

সরকার কার্যত গ্রামীণ দরিদ্রদের স্বার্থের ওপর ‘বুলডোজার’ চালিয়েছে।

গান্ধীজীর নাম মোছার অভিযোগ সোনিয়া গান্ধীর প্রধান অভিযোগ, কেন্দ্র শুধু প্রকল্পের কাঠামোই বদলায়নি, প্রকল্পের নাম থেকে সুকৌশলে মহাত্মা গান্ধীর নামটিও সরিয়ে দিয়েছে। তাঁর মতে, গত ১১ বছরে বিজেপি সরকার গ্রামীণ উন্নয়নের চেয়ে বড়লোকদের স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়েছে। মনরেগাকে দুর্বল করার অর্থ হলো কোটি কোটি কৃষক ও শ্রমিকের জীবিকায় আঘাত হানা।

রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে সংসদ অধিবেশন শেষ হতেই একদিকে যখন প্রধানমন্ত্রী পূর্ব ও দক্ষিণ ভারত সফরে ব্যস্ত, ঠিক সেই সময় সোনিয়া গান্ধীর এই আক্রমণ জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। কংগ্রেসের দাবি, এই ‘কালো আইন’-এর প্রতিবাদে তারা দেশজুড়ে আন্দোলন গড়ে তুলবে।