“রামচন্দ্র ছিলেন মুসলমান!” মদন মিত্রের মন্তব্যে হুলুস্থুল রাজ্য রাজনীতি, ‘দিন না কি রাত’ প্রশ্ন তুলে খোঁচা দিলীপের

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ফের ধর্মীয় ভাবাবেগে শান দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি সরাসরি দাবি করেন, ভগবান শ্রীরামচন্দ্র আসলে হিন্দু নন, বরং ‘মুসলমান’ ছিলেন। মদন মিত্রের এই মন্তব্যের ভিডিও (যার সত্যতা যাচাই করেনি আমরা) ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে বিতর্কের সুনামি বয়ে গিয়েছে।
কী বলেছেন মদন মিত্র? ভাইরাল ভিডিওতে মদন মিত্রকে বলতে শোনা গিয়েছে, “আমি একবার ওদের (বিজেপির) সব চেয়ে বড় নেতাকে দিল্লিতে জিজ্ঞাসা করেছিলাম— আমি বলছি রাম মুসলমান, আমি মদন মিত্র বলছি… কী করবেন! প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কী ছিল? আমি বলছি রাম মুসলমান ছিলেন।” মদন মিত্রের দাবি, তিনি সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে শ্রীরামচন্দ্রের হিন্দু হওয়ার কোনো প্রমাণ নেই।
দিলীপ ঘোষের চড়া খোঁচা: মদন মিত্রের এই মন্তব্যের খবর কানে যেতেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি ব্যঙ্গ করে বলেন, “কোন সময় এই কথা বলেছেন, দিন নাকি রাত? সেটাই তো আসল প্রশ্ন।” দিলীপ ঘোষের এই মন্তব্য মূলত মদন মিত্রের লাইফস্টাইলকে লক্ষ্য করেই করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অমিত মালব্যের তোপ ও তোষণ রাজনীতি: এদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তৃণমূল কংগ্রেস সর্বদা মুসলিমদের তোষণ করেছে এবং বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে।” শুধু মদন মিত্র নন, ফিরহাদ হাকিমের পুরনো উর্দু-মন্তব্য এবং সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীরের ‘বাবরি মসজিদ’ সংক্রান্ত মন্তব্য টেনে এনেও তোপ দাগেন মালব্য। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-বিরোধী মন্তব্য করা এই নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেন না।
২০২৬-এর রণকৌশল? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে বিজেপি যখন রামমন্দির ও হিন্দু ভোট সংহত করার চেষ্টা করছে, তখন মদন মিত্রের মতো নেতারা পাল্টা বিতর্কিত মন্তব্য করে প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে চাইছেন। তবে এই মন্তব্যের ফলে সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হয়, এখন সেটাই দেখার।