পুরুলিয়ার মেয়ের তাক লাগানো সাফল্য! ৮০০০ প্রতিযোগীকে হারিয়ে জাতীয় শুটিং দলে ডাক পেল বলরামপুরের বৈষ্ণবী।

পড়াশোনার পাশাপাশি জঙ্গলমহলের ছেলেমেয়েরা যে খেলাধুলার জগতেও দাপট দেখাচ্ছে, তার প্রমাণ দিল পুরুলিয়ার বলরামপুরের কিশোরী বৈষ্ণবী জয়সওয়াল। প্রায় ৮০০০ প্রতিযোগীর মধ্যে লড়াই করে পুরুলিয়া থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে আইএফএসএফ (ISSF) খেতাব জিতে নিল সে। শুধু তাই নয়, অভাবনীয় পারফরম্যান্সের সুবাদে ভারতীয় শুটিং দলে যোগ দেওয়ার জন্য জাতীয় ট্রায়ালের ছাড়পত্রও অর্জন করেছে বৈষ্ণবী।
জাতীয় স্তরে দাপট: দিল্লির ডঃ কর্নি সিং শুটিং রেঞ্জে আয়োজিত ৬৮-তম ন্যাশনাল শুটিং পিস্তল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বৈষ্ণবী। সাব-ইউথ ও ইউথ বিভাগে ১০ মিটার পিস্তল শুটিংয়ে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করে সে এই বিরল সম্মান পেয়েছে। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে জাতীয় স্তরে এমন কৃতিত্বে গর্বিত জেলাবাসী।
সাফল্যের নেপথ্যে পরিশ্রম: বলরামপুরের পুরনো পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা বৈষ্ণবী ছোট থেকেই মেধাবী। বলরামপুরের বেসরকারি স্কুলে পড়াশোনা শুরু করার পর সে উত্তরাখণ্ডের একটি বোর্ডিং স্কুলে চলে যায়। সেখানেই শুরু হয় তার পেশাদার শুটিংয়ের তালিম। এর আগে একাধিকবার রাজ্য স্তরে পদক জিতেছে দশম শ্রেণীর এই ছাত্রী। কিন্তু এবারের সাফল্য তাকে সরাসরি জাতীয় দলের আঙিনায় পৌঁছে দিল।
স্বপ্ন এখন অলিম্পিক: এই সাফল্যে উচ্ছ্বসিত বৈষ্ণবী জানায়, “জাতীয় স্তরে ট্রায়ালের সুযোগ পেয়ে আমি খুশি। আমার স্বপ্ন আগামী দিনে দেশের হয়ে অলিম্পিকের মঞ্চে পদক জেতা।” মেয়ের এই কৃতিত্বে বলরামপুরে এখন খুশির জোয়ার। বাবা-মা থেকে শুরু করে প্রতিবেশী— সবারই বিশ্বাস, বৈষ্ণবী একদিন বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করবে।
পুরুলিয়ার এই ভূমিকন্যা প্রমাণ করে দিল, একাগ্রতা আর কঠোর পরিশ্রম থাকলে জঙ্গলমহলের অন্ধকার থেকেও আলোর দিশারি হওয়া সম্ভব।