“বিনয়ী থাকুন, নামজপ করুন”, সাফল্যের তুঙ্গে থাকা বিরাটকে কী জীবনমন্ত্র দিলেন প্রেমানন্দ মহারাজ? ভাইরাল ভিডিও!

বাইশ গজে তিনি যখন ব্যাট হাতে নামেন, বোলারদের রক্তচাপ বেড়ে যায়। কিন্তু সেই আগ্রাসী বিরাট কোহলিই এখন বৃন্দাবনের শ্রীহিত রাধাকেলি কুঞ্জে অতি সাধারণ এক ভক্ত। ক্রিকেট থেকে বিরতি পেলেই স্ত্রী অনুষ্কা শর্মার হাত ধরে বারবার পৌঁছে যাচ্ছেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে আবারও সেই শান্ত, আধ্যাত্মিক মেজাজে দেখা গেল ‘কিং কোহলি’কে।

বদলে যাওয়া বিরাট: একটা সময় ছিল যখন পুজো বা ধর্মীয় আচার-অনুষ্ঠানে বিশেষ আগ্রহ ছিল না বিরাটের। নিজেই সে কথা স্বীকার করেছিলেন আগে। কিন্তু বিয়ের পর অনুষ্কা শর্মার প্রভাবে বদলে গিয়েছে তাঁর জীবনদর্শন। মাঠের বাইরের সেই আগ্রাসন এখন অনেক স্থিমিত। মহারাজের দরবারে গিয়ে জীবন, সাফল্য এবং ব্যর্থতা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন এই তারকা দম্পতি।

মহারাজের জীবনমন্ত্র: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমানন্দ মহারাজ বিরুষ্কাকে উদ্দেশ্য করে বলছেন, “নিজের কাজের ক্ষেত্রকে ঈশ্বরের সেবা বলে মনে করুন। সবসময় গম্ভীর ও বিনয়ী থাকুন এবং একমনে নামজপ করুন।” মহারাজের এই অমূল্য উপদেশ মাথা পেতে নিতে দেখা যায় টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে।

মাঠে ফেরার পালা: দক্ষিণ আফ্রিকা সফর সেরে লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সম্প্রতি মুম্বই ফেরেন বিরাট। তবে মেসি-সাক্ষাৎ বা অন্য গ্ল্যামার ইভেন্ট নয়, বিরাটের নজর এখন ক্রিকেটের মূল ধারায়। দিল্লি ক্রিকেট সংস্থার (DDCA) তরফে একটি বড় আপডেট জানানো হয়েছে। প্রায় দেড় দশক পর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। সঙ্গে থাকছেন ঋষভ পন্থও। আসন্ন ঘরোয়া ক্রিকেটে বিরাটকে লাল-নীল জার্সিতে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

সাফল্যের শীর্ষে থেকেও মাটির কাছাকাছি থাকা এবং আধ্যাত্মিকতার পথে শান্তি খোঁজা— বিরাটের এই নতুন রূপ নেটপাড়ায় ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।