আম্পায়ার নয়, স্নিকো অপারেটরের ‘ভুলে’ বাঁচলেন অজি ব্যাটার! ২৫ কোটির গ্রিন ফ্লপ হলেও শতরানে ব্রিটিশদের কাঁদালেন ক্যারি!

ক্রিকেটে ভাগ্য বড় বালাই! আর সেই ভাগ্যের জোর যদি স্নিকো অপারেটরের ভুলের সাথে মিলে যায়, তবে জয় নিশ্চিত। অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ঠিক এমনটাই ঘটল অ্যালেক্স ক্যারির সাথে। পরিষ্কার আউট হয়েও প্রযুক্তিগত বিভ্রাটে জীবন ফিরে পেলেন তিনি, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই হাঁকালেন স্মরণীয় সেঞ্চুরি।

ঠিক কী ঘটেছিল? অস্ট্রেলিয়ার ইনিংস তখন বিপর্যয়ের মুখে। ক্যারি ব্যাট করছেন ৭২ রানে। জশ টংয়ের একটি বল ক্যারির ব্যাটে লেগে কিপারের দস্তানায় জমা পড়ে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় ইংল্যান্ড। কিন্তু সেই মোক্ষম সময়েই স্নিকো অপারেটর বড়সড় গোলমাল করে ফেলেন। স্নিকোতে পরিষ্কার কিছু ধরা না পড়ায় নট-আউট থেকে যান ক্যারি। পরে নিজের সেঞ্চুরি পূর্ণ করে ১০৬ রানে থামেন তিনি। দিনের শেষে ক্যারি অকপটে স্বীকার করেছেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। ক্রিকেটে মাঝেমধ্যে ভাগ্যের সাহায্য লাগে।” এমনকি ব্যাটে বলের স্পর্শ লেগেছিল কি না, তা নিয়ে ধোঁয়াশাও জিইয়ে রেখেছেন তিনি।

অজিদের টপ অর্ডারে ধস: টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু শুরুটা ছিল ভয়াবহ। ট্রাভিস হেড (১০), জ্যাক ওয়েদারাল্ড (১৮) এবং মার্নাস লাবুসেন (১৯) দ্রুত ফিরে যান। তবে সবচেয়ে বড় ধাক্কা ছিল কেকেআর-এর ২৫ কোটি ২০ লক্ষের তারকা ক্যামেরুন গ্রিনকে নিয়ে। আইপিএল নিলামের পরেই ডাঁহা ফ্লপ তিনি, ফিরলেন শূন্য হাতে।

পাল্টা লড়াই অস্ট্রেলিয়ার: ৯৪ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টেনে তোলেন উসমান খোয়াজা (৮২) এবং অ্যালেক্স ক্যারি (১০৬)। তাঁদের ব্যাটে ভর করেই দিনের শেষে ৮ উইকেটে ৩২৬ রান তুলেছে অজিরা। ক্রিজে অপরাজিত আছেন মিচেল স্টার্ক ও নাথান লিয়ঁ।

অ্যাশেজে ইতিমধ্যেই ২-০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া এই টেস্ট জিতলেই সিরিজ পকেটে পুরবে। ইংল্যান্ডের জন্য শুরুটা ভালো হলেও স্নিকো-বিভ্রাট এবং ক্যারির সেঞ্চুরি এখন বেন স্টোকসদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।