বড়দিনের ‘সুইট ডেস্টিনেশন’ এখন আদ্রা! জেলা ছাড়িয়ে রাজ্যের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পুরুলিয়ার বিখ্যাত কেক

ক্যালেন্ডারের পাতায় বড়দিন আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর শীতের এই উৎসবের আমেজ মানেই জিভে জল আনা কেকের স্বাদ। এই মরশুমে কেকের শহর হিসেবে যদি কোনো নাম প্রথম সারিতে উঠে আসে, তবে তা হলো পুরুলিয়ার আদ্রা। বড়দিন যত এগোচ্ছে, আদ্রার অলিগলিতে এখন কেবলই টাটকা কেকের সুবাস।

চাহিদা আকাশছোঁয়া, নাওয়া-খাওয়া ভুলেছেন কারিগররা সারা বছরই আদ্রার কেকের আলাদা সুনাম থাকে, কিন্তু ডিসেম্বরের এই সময়ে চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। আদ্রার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় ‘কবিতা বেকারি’তে এখন প্রস্তুতির ধুম। সকাল থেকে রাত পর্যন্ত কারিগররা ব্যস্ত ওভেনের গরম আঁচে সুস্বাদু কেক সেঁকতে। প্লাম কেক থেকে শুরু করে স্পেশাল ফ্রুট কেক— থরে থরে সাজানো হচ্ছে বিভিন্ন স্বাদের সম্ভার।

জেলা ছাড়িয়ে রাজ্য জয় বেকারির কর্ণধার শেখ মুক্তার জানান, “আদ্রার এই কেকের খ্যাতি এখন আর শুধু পুরুলিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। বাঁকুড়া, বর্ধমান তো বটেই, এমনকি কলকাতার বহু মানুষও বড়দিনের স্পেশাল কেকের জন্য আমাদের ওপর ভরসা করেন। আমরা বড়দিনের কথা মাথায় রেখে এবার নতুন নতুন ফ্লেভার ও ডিজাইনের কেক তৈরি করছি।”

কেন আদ্রার কেক এত জনপ্রিয়? খাদ্যরসিকদের মতে, আদ্রার কেকের বিশেষত্ব হলো এর সাবেকি স্বাদ এবং সাশ্রয়ী মূল্য। বিশেষ করে ফ্রুট কেকের উপকরণের গুণমান বজায় রাখাতেই এই জনপ্রিয়তা। বর্তমানে সাধারণ কেকের পাশাপাশি শৌখিন নকশা ও আধুনিক স্বাদের কেকের প্রতিও মানুষের ঝোঁক বাড়ছে। সেই রুচি অনুযায়ী হরেক রকম ‘ক্রিসমাস স্পেশাল’ সম্ভার নিয়ে তৈরি হচ্ছেন আদ্রার ব্যবসায়ীরা।

উৎসবের মরশুমে আদ্রার এই মিষ্টি স্বাদ ছড়িয়ে পড়ছে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আপনিও কি তৈরি বড়দিনের এই স্বাদ নিতে?

আদ্রার বড়দিনের স্পেশাল মেনু কার্ড
প্লাম কেক: ট্র্যাডিশনাল বড়দিনের স্বাদ।

রিচ ফ্রুট কেক: কাজু, কিশমিশ ও মোরব্বায় ঠাসা।

ক্রিসমাস ডল কেক: খুদেদের পছন্দের বিশেষ আকর্ষণ।

চকোলেট প্লাম: সাবেকিয়ানা ও আধুনিকতার ফিউশন।