SIR-এর খসড়া তালিকা প্রকাশ হতেই বড় দাবি শুভেন্দু অধিকারীর! ‘তৃণমূল-বিজেপির ভোট ব্যবধান আর রইল না’

খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাসভবনে জরুরি বৈঠকে বসছেন, অন্য দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আবহে বড়সড় মন্তব্য করে বসলেন। তাঁর দাবি, বিশেষ সংশোধনী প্রক্রিয়া (SIR)-এর পর তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান আর রইল না। তিনি এ-ও মন্তব্য করেছেন যে, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হলে আরও নাম বাদ যাবে।
শুভেন্দুর দাবি: ২১ লক্ষের ব্যবধান কমে শূন্য
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের পরিসংখ্যান টেনে তাঁর দাবি প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন,
“২০২৪-এর লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল ২১ লক্ষ। আমরা পেয়েছিলাম ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াইয়ে… আমাদের সঙ্গে ওদের তফাৎ ২১ লক্ষ। ৫৮ লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্যে থেকে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনো তফাৎ এই মুহূর্তে নেই। চূড়ান্ত ভোটার তালিকা বেরলে আরও তালিকা বাদ যাবে।”
অর্থাৎ, বিজেপি নেতার দাবি— বিজেপি আর তৃণমূলের মধ্যে যে প্রায় ২১ লক্ষ ভোটের ব্যবধান ছিল, এখন তা কমেই গিয়েছে।
তৃণমূলের পাল্টা কটাক্ষ: ‘ডিসেম্বর এলেই শুভেন্দুর ওসিডি’
শুভেন্দু অধিকারীর এই দাবির পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তী তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন,
“ডিসেম্বর এলেই শুভেন্দুর অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (OCD) হয়। ২০২৩-এ প্রতি সপ্তাহে সরকার ফেলে দিত। ১ কোটি ২০ লক্ষের মধ্যে কোথায় গেল মুসলমান-রোহিঙ্গারা?”
অরূপ চক্রবর্তীর এই মন্তব্য বুঝিয়ে দেয় যে তৃণমূল নেতৃত্ব শুভেন্দুর এই পরিসংখ্যান ও দাবিকে গুরুত্ব দিতে নারাজ এবং একে ডিসেম্বর মাসের রাজনৈতিক অস্থিরতা বলেই মনে করছেন।