খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন? ভোটাধিকার ফিরে পেতে ফর্ম ৬ পূরণের নির্দেশ, সন্দেহভাজনদের জন্য নতুন নিয়ম কমিশনের

ভোটার তালিকা সংক্রান্ত জটিলতায় রাজ্যের বহু নাগরিকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। খসড়া বা ড্রাফট তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে অনেকেই আতঙ্কিত। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এই পরিস্থিতিতে ভোটাধিকার ফিরে পেতে করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন।
ড্রাফট লিস্টে নাম না থাকলে কী করবেন?
বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের মতে, যদি কোনো ব্যক্তি তাঁর নাম এমন তালিকায় খুঁজে পান যেখানে ড্রাফট লিস্টে তাঁর নাম নেই বলে উল্লেখ করা হয়েছে, তাহলে তাঁকে দ্রুত ফর্ম ৬ (Form 6) পূরণ করতে হবে। ফর্ম ৬ পূরণের পর তাঁকে হিয়ারিং বা শুনানির জন্য যেতে হবে। সেখানে বৈধ নথি দেখালেই তিনি তাঁর ভোটাধিকার ফিরে পাবেন এবং এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকায় তাঁর নাম চলে আসবে।
এই তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নামের পাশে কারণ উল্লেখ করা আছে— যেমন ‘মৃত’, ‘অন্যত্র স্থানান্তরিত’, কিংবা ‘খুঁজে পাওয়া যায়নি’।
ড্রাফট লিস্টে নাম থাকলে কি ঝুঁকি আছে?
এই মুহূর্তে যাঁদের নাম ড্রাফট তালিকায় রয়েছে, তাঁদের ক্ষেত্রে কী হবে, তা নিয়েও জল্পনা চলছে। কমিশন সূত্রে খবর, যাঁদের নাম ড্রাফট তালিকায় রয়েছে, তাঁদের যদি কমিশনের সন্দেহ হয়, তবেই তাঁদের হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হবে।
তবে এই সন্দেহজনক ব্যক্তিদের ঠিক কোন তথ্যের গরমিলের জন্য বা কী কারণে সন্দেহের জন্য ডেকে পাঠানো হবে, সে বিষয়ে কমিশন এখনো স্পষ্ট করে কিছু জানায়নি।
অনেকেই মনে করছেন, হিয়ারিংয়ের নোটিসে কারণ উল্লেখ করা থাকবে। আবার কেউ কেউ বলছেন, নোটিসে কারণ লেখা নাও থাকতে পারে। এই বিষয়ে নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত স্পষ্টতা দেয়নি।
তবুও, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে— যে কারণেই আপনাকে হিয়ারিংয়ে ডাকুক, আপনি বৈধ নথি জমা করলে আপনার কোনো অসুবিধা হবে না এবং এসআইআর-এর ফাইনাল লিস্টে আপনার নাম অন্তর্ভুক্ত হবে।