রেকর্ড ২৫.২০ কোটির বিনিময়ে KKR-এ ক্যামেরন গ্রিন! স্বদেশী স্টার্ককে টেক্কা দিয়ে দিলেন প্রথম বার্তা, কী বললেন অজি অলরাউন্ডার?

আইপিএলের নিলাম টেবিলে কোচ অভিষেক নায়ারের আভাসই সত্যি হল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার জন্য যেনতেনভাবে চেষ্টা করবে কেকেআর— এই কথা আগেই জানা গিয়েছিল। সেই চেষ্টা সফল করে ২ কোটি টাকা বেস প্রাইসের গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা বিপুল মূল্যে করায়ত্ত করল কলকাতা নাইট রাইডার্স (KKR)।
এই বিশাল অঙ্কের দরের ফলে এখন তিনিই বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটার। গ্রিন তাঁর স্বদেশীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ককে টেক্কা দিলেন, যাঁকে KKRই ২০২৪ মরশুমে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে কেকেআর নিজেদের তৈরি করা রেকর্ডই ভেঙে দিল।
নতুন দলে গ্রিনের প্রথম বার্তা
রেকর্ড অর্থে নতুন দল কলকাতা নাইট রাইডার্স-এ যোগ দেওয়ার পর ক্যামেরন গ্রিন সোশ্যাল মিডিয়ায় নিজের প্রথম বার্তা দিলেন। অজি তারকা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: “KKR-এর হয়ে খেলার জন্য আমি খুবই উত্তেজিত। দলে যোগ দিতে এবং আমাদের এই মরশুমের লক্ষ্য অর্জনের জন্য মুখিয়ে আছি। দেখা হবে!”
এই সংক্ষিপ্ত বার্তায় স্পষ্ট, তিনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত এবং দ্রুত দলের সাথে যুক্ত হয়ে আসন্ন মরশুমের জন্য তৈরি হতে চান। ক্রিকেট মহল এখন গ্রিনের কাছ থেকে তেমনই অলরাউন্ডিং পারফরম্যান্সের প্রত্যাশা করছে, যা তাঁর জন্য রেকর্ড দর এনে দিয়েছে।