সমস্ত রাজ্যেই SIR-এর সময় বাড়ল, কিন্তু বাংলা বঞ্চিত কেন? নয়া নির্দেশিকার প্রতিবাদে ফের বিক্ষোভের মুখে CEO অফিস

পশ্চিমবঙ্গে ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে তৃণমূলপন্থী বুথ লেভেল অফিসারদের (BLO) বিক্ষোভ। সঠিকভাবে খসড়া তালিকা প্রকাশ না হওয়া, বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ এবং নির্দেশিকায় অস্পষ্টতার অভিযোগ নিয়ে এই প্রতিবাদ চলছে। তবে শুক্রবার এনুমারেশন পর্ব শেষ হওয়ার পরেও নতুন করে বিক্ষোভের কারণ হয়েছে নির্বাচন কমিশনের জারি করা এক নতুন নির্দেশিকা।
নতুন অপশনে BLO-দের ক্ষোভ
এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষ হওয়ার পর নির্বাচন কমিশন তাদের অ্যাপে ‘সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন’ নামে একটি নতুন অপশন চালু করেছে। এই অপশন অনুযায়ী, যদি একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তবে BLO-দের সেগুলিকে পুনরায় পরীক্ষা করে অবিলম্বে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে।
এই নতুন নির্দেশিকা জারির পরই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলপন্থী BLO-দের একাংশ। তারা সিইও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। একই বিক্ষোভের চিত্র দেখা গেছে রাজ্যের বিভিন্ন জেলাতেও।
বিক্ষোভকারী ‘BLO অধিকার রক্ষা কমিটি’-র সদস্যরা সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, “BLO-দের ওপর এইভাবে মানসিক অত্যাচার কেন? ECI-এর জবাব চাই, জবাব দাও।” তাঁদের অভিযোগ, উপযুক্ত প্রশিক্ষণ বা নির্দিষ্ট কৌশল না শিখিয়েই হঠাৎ করে নতুন কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে।
‘আগে কেন দেওয়া হল না?’, প্রশ্ন BLO-দের
রামপুরহাট থেকে আসা বিক্ষোভকারী BLO নির্মল মণ্ডল বলেন, “প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল সেগুলো আমাদের না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেগুলো আমরা নিতে পারছি না।” সালানপুরের ১২৭ পার্ট BLO পূর্ণচন্দ্র মাঝি জানান, নতুন আপডেটের পর তাঁর কাছে প্রায় ২০০ ফর্ম এসেছে, যেগুলি তাঁকে রি-ভেরিফাই করতে হবে।
‘BLO অধিকার রক্ষা কমিটি’-র এক সদস্য প্রশ্ন তুলেছেন, “জমা দেওয়ার পর নতুন ট্যাবে অ্যাড করে দেখাচ্ছে আবার রি ভেরিফিকেশন! আগেই দেওয়া হল না কেন?” তাঁদের আরও অভিযোগ, সমস্ত রাজ্যেই এসআইআর (SIR)-এর সময় বাড়ানো হয়েছে, অথচ পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে কেন?
বিক্ষোভকারীদের বক্তব্য, “প্রত্যেকদিন নতুন নতুন অপশন দিচ্ছে…প্রত্যেকদিন কাজের চাপ বাড়াতে থাকলে আমরা কী করব?” এনুমারেশন পর্ব শেষের পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলে আসানসোলের সালানপুরেও প্রতিবাদে সামিল হন BLO-দের একাংশ।