IPL নিলামে ইতিহাস! আনক্যাপড কার্তিক শর্মা ও প্রশান্ত বীরকে ₹১৪.২ কোটি দরে কিনে রেকর্ড গড়ল চেন্নাই সুপার কিংস

আবু ধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। দুইজন আনক্যাপড (যাঁরা এখনও দেশের হয়ে খেলেননি) ক্রিকেটারের জন্য রেকর্ড দর হাঁকিয়ে চমক দিল চেন্নাই সুপার কিংস (CSK)। রাজস্থানের ‘ছয় মারার মেশিন’ নামে পরিচিত মারকুটে উইকেটকিপার-ব্যাটার কার্তিক শর্মা এবং উত্তরপ্রদেশের বাঁহাতি অর্থোডক্স স্পিনার প্রশান্ত বীর—এই দুজনের জন্যেই CSK মোটা অঙ্কের ১৪.২ কোটি টাকা করে খরচ করে তাঁদের দলে নিল।
এই বিশাল অঙ্কের দরে আনক্যাপড খেলোয়াড়দের কেনার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে গেল। এর আগে ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস আবেশ খানকে ১০ কোটি টাকায় নিয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বাধিক দর ছিল। ২০২১ সালে কৃষ্ণাপ্পা গৌতমকে CSK নিয়েছিল ৯.২৫ কোটি টাকায়। কার্তিক ও প্রশান্তর দর সেই সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল।
কার্তিক শর্মাকে নিয়ে চরম লড়াই
মাত্র ৩০ লক্ষ টাকার বেস প্রাইসের কার্তিক শর্মাকে নিতে প্রথমে আগ্রহ দেখায় মুম্বই ইন্ডিয়ান্স। এরপর লড়াইয়ে যোগ দেয় লখনউ সুপার জায়ান্টস (LSG) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআর ও এলএসজির মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। গত বছর CSK-র সঙ্গে অনুশীলন করা কার্তিককে নিতে যখন KKR এগিয়ে, তখনই আসরে নামে চেন্নাই। কিছুক্ষণের মধ্যেই দুই ফ্র্যাঞ্চাইজির দর কষাকষি ১০ কোটি টাকার গণ্ডি পার করে যায়।
১২টি টি২০ ম্যাচে ১৬৪ স্ট্রাইক রেটে ৩৩৪ রান এবং ২৮টি ছক্কা হাঁকানো কার্তিককে নিতে যখন CSK ১৩ কোটি দর দেয়, তখন ঝাঁপায় সানরাইজার্স হায়দ্রাবাদ। অবশেষে, কেভিন পিটারসেন এবং রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা পাওয়া ১৯ বছর ২৩৪ দিন বয়সী এই মারকুটে ব্যাটারকে ১৪.২ কোটি টাকায় নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস।
একই দরে বাঁহাতি স্পিনার প্রশান্ত বীর
উত্তরপ্রদেশের ২০ বছর ২২ দিন বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার প্রশান্ত বীরের জন্যেও একই পরিমাণ ১৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করল CSK। ৯টি টি২০ ম্যাচে ১২টি উইকেটের মালিক প্রশান্তকে দলে নিয়ে চেন্নাই তাদের বোলিং বিভাগকেও শক্তিশালী করল। এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। এই দুই তরুণকে দলে ভিড়িয়ে চেন্নাই সুপার কিংস এবারের নিলামে সবচেয়ে বড় চমক দিল।