ঘাটাল TMC-তে ভাঙন! বিধায়ক কার্যালয়ে প্রকাশ্যে বিজেপিতে যোগ দিলেন ৫০ সক্রিয় কর্মী, তুঙ্গে রাজনৈতিক তরজা

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে ফের রাজনৈতিক পারদ চড়ল। একের পর এক দলবদলের ঘটনায় আবারও চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। সোমবার ঘাটাল শহরের এলআইসি মোড় সংলগ্ন বিধায়ক কার্যালয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৫০ জন সক্রিয় তৃণমূল কর্মী। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে তীব্র তরজা।
ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট নিজে উপস্থিত থেকে তৃণমূল ত্যাগ করে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপির দাবি অনুযায়ী, ঘাটাল ব্লকের খড়ার অঞ্চল এবং ঘাটাল পৌর এলাকা থেকে এই কর্মীরা বিজেপিতে এসেছেন। শীতল কপাট বলেন, “এঁরা কেউই নামমাত্র কর্মী নন। দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে কাজ করেছেন। কিন্তু রাজ্যের দুর্নীতি, অপশাসন এবং মানুষের প্রতি সরকারের উদাসীনতায় অতিষ্ঠ হয়ে তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন বিজেপি বিধায়ক
বিজেপি বিধায়ক শীতল কপাট আরও দাবি করেন, এই দলবদল এখানেই থামবে না। আগামী দিনে ঘাটাল সহ গোটা পশ্চিম মেদিনীপুরেই আরও বড়সড় দলবদল হবে। এমনকি তৃণমূলের একাধিক ‘মাথা’ নেতা-নেত্রীও বিজেপিতে যোগ দিতে পারেন বলে তিনি ইঙ্গিত দেন। তাঁর কথায়, “মানুষ বুঝে গেছেন তৃণমূল মানেই দুর্নীতি আর ভয়। বিজেপিই একমাত্র বিকল্প।” নবাগত কর্মীরাও এলাকায় কাটমানি সংস্কৃতি, প্রশাসনের উপর রাজনৈতিক চাপ এবং কর্মীদের অসম্মানের অভিযোগ তুলে দল ছাড়ার কথা জানান।
‘নাটক সাজিয়ে ছবি তুলছে বিজেপি’, কটাক্ষ তৃণমূলের
তবে এই দলবদলের ঘটনাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি। কটাক্ষের সুরে তিনি বলেন, “যাঁদের তৃণমূল কর্মী বলে দাবি করা হচ্ছে, তাঁরা আদৌ তৃণমূলের লোক নন। এরা বিজেপিরই লোকজন। বিজেপি নাটক সাজিয়ে তৃণমূলের পতাকা ধরিয়ে ছবি তুলছে।” তিনি আরও দাবি করেন, ঘাটাল ব্লকে তৃণমূল কংগ্রেস আগের মতোই ঐক্যবদ্ধ ও শক্তিশালী রয়েছে এবং এই দলবদল সংগঠনে কোনও প্রভাব ফেলবে না।
যদিও তৃণমূল নেতার এই মন্তব্যকে পাত্তা দেননি শীতল কপাট। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “যদি এরা তৃণমূলের লোক না হন, তা হলে এত ভয় কেন? সময়ই সব প্রমাণ করে দেবে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে দুই শিবিরের এই চাপানউতোর ঘাটালের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে।