অরূপের ইস্তফা ‘রাজধর্ম’ নয়, ব্যর্থতা ঢাকার চেষ্টা! মেসি ইভেন্ট বিপর্যয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অমিত মালব্য

যুব ভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ এবং মুখ্যমন্ত্রীর দ্রুত সেই ইস্তফা গ্রহণ করার ঘটনাকে ‘লোক দেখানো নাটক’ বলে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি সরাসরি অভিযোগ করেন, এই পদক্ষেপ কোনোভাবেই ‘রাজধর্ম’ নয়, বরং এটি তৃণমূল সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা।

অমিত মালব্যের মূল অভিযোগ:

বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) দাবি করেন, মেসি ইভেন্টের বিপর্যয় কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা ছিল না। তাঁর মতে, এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মন্ত্রিসভা এবং প্রশাসনের দুর্বল শাসনব্যবস্থার কারণে তৈরি হওয়া একটি সুসংগঠিত ব্যর্থতা।

তিনি বলেন, এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূল সরকারের তিনটি চেনা ছবি সামনে এসেছে:

১. সাধারণ মানুষের টাকা লুট: যা তৃণমূলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২. লজ্জাহীন ভিআইপি সংস্কৃতি: যা তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ৩. গভীর ক্রোনি সিস্টেম (Cronie System): মুখ্যমন্ত্রীর মদতে ঘনিষ্ঠ ও স্বজনদের সুবিধা দেওয়ার সংস্কৃতি।

‘এই ইস্তফা ন্যায়বিচার আনবে না’

অমিত মালব্য বলেন, অরূপ বিশ্বাসের ইস্তফা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সামগ্রিক ব্যর্থতা ঢাকবার একটি চেষ্টা মাত্র। তাঁর মতে, এই ইস্তফা দিয়ে জনগণের টাকা অপচয় হওয়া, সময় নষ্ট হওয়া কিংবা ফুটবলপ্রেমীদের মেসিকে কলকাতায় দেখার সুযোগ হারিয়ে যাওয়ার ক্ষতিপূরণ হবে না।

বিজেপি নেতার কটাক্ষ, “এই ইস্তফা খুব দ্রুতই প্রশাসনিক ফাইলের স্তূপে চাপা পড়ে যাবে।” তাঁর দাবি, এর ফলে কোনও ন্যায়বিচার হবে না, কোনও জবাবদিহিও নিশ্চিত হবে না, এবং এই ঘটনার জন্য শাসকদলের মধ্যে কোনো অনুশোচনাও দেখা যাবে না।