‘সোনার গহনা তৈরি হয়’ ভেবেছিল চোর, হাওড়ার আমতা থেকে গ্রেফতার ১, পলাতক আরেকজন

সোনার গহনা ভেবে একটি কারখানায় চুরি করতে গিয়ে ইমিটেশনের গহনা চুরি করে আনল দুই চোর। কিন্তু চুরি করে পালানোর সময় টহলরত পুলিশের গাড়ি দেখে চুরির সামগ্রী বস্তা ভর্তি অবস্থায় ফেলে পালিয়েও শেষ রক্ষা হল না। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুই চোরকে শনাক্ত করে এবং তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ইমিটেশনের গহনা তৈরির একটি কারখানার এজবেস্টার ভেঙে চুরি করে পালাচ্ছিল দুই চোর। চুরির সময় তাদের মনে হয়েছিল যে, তারা সোনার গহনা চুরি করছে। কিন্তু এলাকা দিয়ে টহলরত পুলিশের গাড়ি দেখতে পেয়েই ভয় পেয়ে তারা বস্তা ভর্তি চুরি করা গহনা ফেলে রেখে পালিয়ে যায়।
পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চোরদের শনাক্ত করে। সেই তথ্যের ভিত্তিতে হাওড়ার আমতা থানার অন্তর্গত সেনেরডাঙ্গা থেকে স্বদেশ রায় নামের এক চোরকে গ্রেফতার করে জগৎবল্লভপুর থানার পুলিশ।
ধৃত স্বদেশ রায় দাবি করেছেন, তাঁদের কাছে খবর ছিল যে ওই কারখানায় সোনার গহনা তৈরি হয়, সেই অনুযায়ী তারা চুরির পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের গাড়ি দেখে ভয় পেয়েই তারা চুরির সামগ্রী ফেলে পালিয়ে যায়। ধৃতকে আজ হাওড়া আদালতে পেশ করা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে স্বদেশের আরও এক পলাতক সঙ্গীর খোঁজ চালাবে।