ঋণ শোধ না হওয়ায় ৫১ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত! বিশাল পুলিশ বাহিনী নিয়ে ব্যবসায়ীর প্রপার্টি দখলে নিল ব্যাঙ্ক

ঋণের টাকা শোধ করতে না পারায় এবার এক ব্যবসায়ীর সর্বস্ব হাতছাড়া হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ভোগপুর এলাকায়। লক্ষ লক্ষ টাকার ব্যবসায়িক ঋণ খেলাপির কারণে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আদালতের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই ব্যবসায়ীর সম্পত্তি নিজেদের হেফাজতে নিয়েছে।
জানা গিয়েছে, ভোগপুর এলাকার বাসিন্দা তুহিন মাইতি বছর কয়েক আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫১ লক্ষ টাকা বিজনেস লোন নিয়েছিলেন। কিন্তু একের পর এক ইএমআই (EMI) দিতে ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতেই শুক্রবার বিকেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই ঋণখেলাপী ব্যক্তির সম্পত্তি দখল নেয়।
প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বাজেয়াপ্ত:
শুক্রবার বিকেলে ডেবরা বিডিও এবং ডেবরা থানার পুলিশ বাহিনীর উপস্থিতিতে তুহিন মাইতির সম্পত্তি আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় চরম সমস্যায় পড়েছে ওই ব্যবসায়ীর পরিবার।
ব্যাঙ্ক এবং স্থানীয় প্রশাসন সূত্রে খবর, তুহিন মাইতি তাঁর ব্যবসার জন্য নেওয়া এই বিপুল অঙ্কের লোন ও তার ইএমআই পরিশোধ করতে পারেননি। আদালতের নির্দেশ মেনেই তাঁর সম্পত্তি ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই সম্পত্তির মূল্য দিয়েই তাঁর লোনের টাকা পরিশোধ করা হবে। এই ঘটনা ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যাঙ্কগুলির কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।