শিক্ষক নিয়োগে দীর্ঘ প্রতীক্ষার অবসান! নবম-দশমের ৪০ হাজার প্রার্থীর ইন্টারভিউ তালিকা প্রকাশ করল SSC

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের ওয়েবসাইটে বিষয়ভিত্তিক আলাদা আলাদা তালিকা প্রকাশের মাধ্যমে প্রায় ৪০ হাজার প্রার্থীর নথি যাচাই (ভেরিফিকেশন) এবং ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

আন্দোলনকারী নেতা চিন্ময় মণ্ডল ইন্টারভিউয়ের ডাক পেলেন:

এই প্রকাশিত তালিকায় ইংরেজি বিষয়ের ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর এই নেতা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ উভয় স্তরের পরীক্ষাতেই অংশ নিয়েছিলেন। তবে একাদশ-দ্বাদশে তিনি কাট অফ নম্বর অর্জন করতে না পারায় ইন্টারভিউয়ের ডাক পাননি। নবম-দশমের ফলের দিকেই ছিল তাঁর নজর।

ইন্টারভিউয়ের ডাক পাওয়ার পর চিন্ময় মণ্ডল বলেন, “আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছিলাম। ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। আন্দোলনের ধকল নিয়েই অনেকে পরীক্ষায় বসেছিলেন। যাঁরা যোগ্য হয়েও ডাক পাননি, তাঁদের জন্য সত্যিই খারাপ লাগছে।”

নিয়োগ প্রক্রিয়া নিয়ে কমিশনের প্রস্তুতি:

নবম-দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল গত ৭ সেপ্টেম্বর। পরীক্ষা নেওয়ার মাত্র ৭১ দিনের মাথায় এই ফল প্রকাশ করল কমিশন। এসএসসি সূত্রে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ৩৫ হাজার ৭২৬টি। এর মধ্যে নবম ও দশম স্তরে শূন্যপদের সংখ্যা ২৩ হাজার ২১২টি। এই পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।

কমিশন জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে এখনও কিছুটা সময় লাগতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নিচ্ছে এসএসসি। এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও কমিশনের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।