ট্রেনে মিলবে নামীদামি রেস্তোরাঁর খাবার, যাত্রীদের জন্য নয়া উদ্যোগ IRCTC-র

ট্রেনে খাবারের মান নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগে এবার ইতি টানতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। ট্রেনে পরিবেশিত খাবারের মান উন্নত করতে দেশজুড়ে IRCTC একটি ‘প্রুফ অফ কনসেপ্ট’ (PoC) মডেল বাস্তবায়ন করেছে।

এই উদ্যোগের আওতায়, IRCTC নামীদামী রেস্তোরাঁ চেইন এবং ফ্লাইট ক্যাটারারদের সঙ্গে পার্টনারশিপ করছে। এর মূল লক্ষ্য হল যাত্রীদের তাজা, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং রেস্তোরাঁ স্তরের উন্নত মানের খাবার সরবরাহ করা।

যাত্রীদের জন্য নতুন খাদ্য মডেল

রেলপথ মন্ত্রকের অধীনে IRCTC প্রতিদিন প্রায় ১৬.৫ লক্ষ খাবার পরিবেশন করে। নতুন মডেলের অধীনে, খাবার তৈরি এবং পরিবেশনের দায়িত্বকে আলাদা করা হয়েছে। অভিজ্ঞ খাবারের ব্র্যান্ডগুলি বৃহৎ পরিসরে খাবার প্রস্তুত করবে এবং ট্রেনে সরবরাহ করবে। ফলে খাবারের গুণমান এবং সতেজতা বজায় রাখা সহজ হবে।

ট্রেনে নামীদামী ব্র্যান্ডের সরবরাহ

দেশের বিভিন্ন রেলওয়ে জোনের নির্বাচিত ট্রেনগুলিতে, বিশেষ করে নতুন প্রজন্মের বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনগুলিতে এই PoC চালু করা হয়েছে। হলদিরামস, এলিয়র, ক্যাসিনো এয়ার ক্যাটারার্স, ইসকন এবং অন্যান্য নামীদামী ব্র্যান্ডগুলি এখন এই ট্রেনগুলিতে খাবার সরবরাহ করছে।

IRCTC জানিয়েছে, এই পরীক্ষায় রান্নাঘরের মান, খাবার তৈরি প্রক্রিয়া, প্যাকেজিং, পরিবহন এবং গ্রাহক পরিষেবা—প্রতিটি স্তর মূল্যায়ন করা হচ্ছে। নতুন মেনুতে স্থানীয় স্বাদ, স্বাস্থ্যকর বিকল্প এবং উন্নত উপস্থাপনার উপর জোর দেওয়া হয়েছে।

আধিকারিকদের মতে, যাত্রীদের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত অত্যন্ত ইতিবাচক। স্বাদ, সতেজতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে খাবারের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। IRCTC জানিয়েছে যে PoC থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী নীতি নির্ধারণ করা হবে। এই মডেল সফল হলে, এটি দেশের অন্যান্য দূরপাল্লার ট্রেনগুলিতেও দ্রুত বাস্তবায়িত হতে পারে।