GOAT-মেসি এবার কলকাতায়, উচ্ছ্বাসে মাতোয়ারা শহর, জেনেনিন কখন কী শিডিউল?

ফুটবল বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি অবশেষে তিলোত্তমা কলকাতায় পা রাখলেন। গভীর রাতে, প্রায় আড়াইটে নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামতেই চারিদিকে যেন রাতারাতি উৎসবের আবহ সৃষ্টি হলো—হাজার হাজার মেসি-ভক্তের ভিড়ে ভরে উঠলো এয়ারপোর্ট চত্বর।

বড়-ছোট নির্বিশেষে সকলে প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য উদগ্রীব। আর্জেন্টিনার মহাতারকা এয়ারপোর্ট থেকে বের হওয়া মাত্রই চারপাশ ‘মেসি মেসি’ চিৎকারে গম গম করে উঠলো। সমর্থকরা উড়িয়েছেন আর্জেন্টিনা ও ভারতের পতাকা। মুহূর্তেই শহরের আবহাওয়ায় মিশে যায় ‘মেসি ফিভার’।

উল্লেখ্য, এ দিন শুধু মেসিই নন, তাঁর সঙ্গে শহরে এসেছেন ইন্টার মায়ামির আরও দুই তারকা ফুটবলার—লুইস সুয়ারেস এবং রদ্রিগো ডি পল। এই তারকা ফুটবলারদের পাশাপাশি, বলিউড সুপারস্টার শাহরুখ খানও একটি প্রাইভেট বিমানে কলকাতায় এসেছেন। যদিও তিনি মেসিদের সঙ্গে একই ফ্লাইটে আসেননি।

এয়ারপোর্ট থেকে এই সকল তারকাকে কড়া নিরাপত্তা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। মেসির যাত্রাপথ জুড়ে ছিল ফ্যানেদের উপচে পড়া ভিড়। রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন কাতারে কাতারে মানুষ। এমনকি, মেসির হোটেলের বাইরেও রাতভর ভিড় জমেছিল। জয়ধ্বনি আর চিৎকারে মুখরিত ছিল এলাকা। সকালে এখনও সেই একই ছবি, উচ্ছ্বসিত সমর্থকরা ভিড় করে রয়েছেন হোটেলের বাইরে।

আজ কলকাতায় মেসির ‘ব্যস্ত শিডিউল’

কলকাতায় এই কয়েক ঘণ্টার সফরে লিওনেল মেসি আজ একের পর এক গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন। হোটেলে সামান্য বিশ্রাম নিয়েই শুরু হবে তাঁর ব্যস্ত দিনটি:

সময় ইভেন্ট অংশগ্রহনকারী
সকাল ৯.৩০ – ১০.৩০ গ্র্যান্ড মিট পর্ব লিওনেল মেসি
সকাল ১০.৩০ – ১১.১৫ মূর্তির ভার্চুয়াল উদ্বোধন লিওনেল মেসি
সকাল ১১.১৫ নাগাদ যুবভারতীর দিকে রওনা লিওনেল মেসি
বেলা ১১.৩০ নাগাদ যুবভারতীতে আগমন শাহরুখ খান
দুপুর ১২.০০ টা যুবভারতীতে উপস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দুপুর ১২.০০ – ১২.৩০ ফ্রেন্ডলি ম্যাচ ও সংবর্ধনা মেসি, শাহরুখ, মমতা, সৌরভ
এই সময়ে আলাপচারিতা পর্বও চলবে
দুপুর ২.০০ টা হায়দরাবাদের উদ্দেশে উড়ান লিওনেল মেসি

এই সংক্ষিপ্ত সফরেই LM10 বাংলাবাসীর জন্য অজস্র স্মৃতি রেখে যাবেন। তাঁর এই ‘ট্যুর অব ইন্ডিয়া’ ফ্যানেদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।