দিল্লি অশান্তি-কাণ্ড, দু’সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, বোনের বিয়েতে যোগ দেওয়ার অনুমতি দিল আদালত।

২০২০ সালের দিল্লি অশান্তি-কাণ্ডে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন পড়ুয়া উমর খালিদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য করা তাঁর আবেদনটি বৃহস্পতিবার কারকারডুমা আদালত গ্রহণ করে।
আদালত তাঁকে মাত্র দু’সপ্তাহের জন্য শর্তাধীন জামিন দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন জামিনে বাইরে থাকবেন। জামিন মঞ্জুরের জন্য তাঁকে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হয়েছে।
ইউএপিএ মামলায় জামিন
বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ (UAPA) অধীনে দায়ের করা মামলায় বিশেষ আদালতে এই আবেদনটি উঠেছিল। দু’পক্ষের যুক্তি শোনার পরই আদালত মানবিকভাবে দু’সপ্তাহের জন্য জামিনের আবেদন মঞ্জুর করে।
উল্লেখ্য, উমর খালিদ-সহ শার্জিল ইমাম, মীরান হায়দর এবং অন্যদের জামিনের বিরোধিতা করে দিল্লি পুলিশ এর আগে আদালতে ১৭৭ পাতার হলফনামা জমা করেছিল।
দিল্লি পুলিশের অভিযোগ
২০২০ সালের দিল্লি অশান্তির ঘটনায় উমর খালিদকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশ হলফনামায় দাবি করেছে, দিল্লির বুকে এই অশান্তি এমনি এমনি বাঁধেনি। বরং তা ছিল পরিকল্পিত ভাবে ঘটানো হিংসা, যার উদ্দেশ্য ছিল ভারতের অভ্যন্তরীণ সম্প্রীতি এবং আন্তর্জাতিক অবস্থানকে নড়বড়ে করে দেওয়া। পুলিশের মতে, উমর-সহ বাকি অভিযুক্তরা ‘সাম্প্রদায়িকতা নির্ভর গভীর ষড়যন্ত্রে’ লিপ্ত ছিলেন।
তবে আপাতত আদালতের নির্দেশে বোনের বিয়েতে যোগ দিতে কয়েকদিনের জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন উমর খালিদ।