গোয়ায় বিশ্বের সবথেকে উঁচু রামমূর্তি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে দক্ষিণ গোয়া। আজ, বৃহস্পতিবার, শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে বিশ্বের সবচেয়ে উঁচু ভগবান শ্রী রামের মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৭ ফুট উচ্চতার ব্রোঞ্জের এই বিশালকায় মূর্তির উন্মোচন মঠের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে।
স্ট্যাচু অফ ইউনিটির নকশাকারেই তৈরি
গোয়ার পূর্ত মন্ত্রী দিগম্বর কামাত জানিয়েছেন, ভগবান রামের এই ব্রোঞ্জমূর্তিটি নির্মাণ করেছেন বিখ্যাত ভাস্কর রাম সুতার, যিনি বিশ্বখ্যাত ‘স্ট্যাচু অফ ইউনিটি’র নকশাকার। মন্ত্রী কামাতের দাবি, এটিই হবে বিশ্বের সর্বোচ্চ রাম মূর্তি।
মঠের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীনিবাস ডেম্পো জানিয়েছেন, প্রধানমন্ত্রী আজ বিকেল ৩.৪৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। তাঁর অবতরণের জন্য মঠ প্রাঙ্গণে একটি বিশেষ হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। সেখানেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পর্দা উঠবে শ্রী রামের বিশালকায় মূর্তির ওপর থেকে।
মঠের ৫৫০ বছর পূর্তি উৎসব
উন্মোচন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী মঠের মন্দিরে পূজা-অর্চনা করবেন। এরপর আয়োজিত এক জনসভায় তিনি ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েক-সহ রাজ্যের মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, এই মঠ ঐতিহ্যের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে আজ, ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডেম্পো আশা করছেন, প্রতিদিন ৭,০০০ থেকে ১০,০০০ দর্শনার্থীর আগমন হবে। প্রায় ৩৭০ বছর আগে দক্ষিণ গোয়ার কানাকোনা মহকুমার পার্তাগাল গ্রামে নির্মিত এই মঠটি দীর্ঘকাল ধরে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত।
মন্ত্রী কামাত আরও জানিয়েছেন, মঠের সম্পূর্ণ প্রাঙ্গণকে আধুনিক রূপ দিয়ে নবীকরণ করা হয়েছে, যাতে এই ঐতিহাসিক অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।