ডানকুনিতে মৃত ব্যক্তির এনুমারেশন ফর্মে নাম তোলার চেষ্টা বাংলাদেশি অনুপ্রবেশকারীর, শুভেন্দুর অভিযোগ ‘মাথায় তৃণমূলের আশীর্বাদ’

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) আবহের মধ্যেই এবার ডানকুনি থেকে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম তোলার চেষ্টা করার সময় ধরা পড়েছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ: ‘মাথায় তৃণমূলের হাত’
ঘটনার পরই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। শুভেন্দু বলেন, “মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে। তৃণমূলের আশীর্বাদ আছে। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোটব্য়াঙ্ককে বাঁচানোর জন্য়।”
ধৃত অভিযুক্ত ব্যক্তির নাম নাদিম। তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি প্রায় ১৫ বছর আগে বাংলাদেশে থেকে এসেছেন।
বিজেপির দাবি: SIR-এ সব স্পষ্ট হবে
শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি গুঞ্জন চক্রবর্তী এই ঘটনাকে তৃণমূলের ভোট রাজনীতির ফল বলে দাবি করেছেন। তিনি বলেন, এই SIR (Special Integrated Revision)-এর ফলে “দুধের মতো দুধ, আর জলের মতো জল পরিষ্কার হয়ে যাবে।” তাঁর দাবি, “এরকম নাদিম প্রচুর বেরোবে, পশ্চিমবঙ্গ থেকে তথা ডানকুনি থেকে। আজকে তৃণমূল সরকার যেভাবে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে বা এর আগে যারা ছিল, তাঁরা যেভাবে পয়সা নিয়ে বানিয়েছিল। তার খেসারত ডানকুনিবাসীকেই দিতে হবে।”
তৃণমূলের প্রতিক্রিয়া: ‘অপরাধীর পাশে দল নেই’
যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনার দায় সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, “যদি ক্রাইম করে থাকে, তার ব্যবস্থা পুলিশ নেবে।” ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ রাহা স্পষ্ট জানিয়েছেন, “আমাদের দলের নীতি হল, কেউ কোনও অপরাধ করলে সেই অপরাধীর পাশে কোনওমতেই তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না। প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে।”