BLO অ্যাপে গোলযোগ, ডেডলাইন ৪ ডিসেম্বর, তথ্য আপলোড করতে গিয়ে ‘সামথিং ওয়েন্ট রং’ দেখায় ভোগান্তিতে কর্মীরা

ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কাজ শেষ করার সময়সীমা হু হু করে এগিয়ে আসছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, এবং ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া তালিকা। কিন্তু অভিযোগ, এই গুরুত্বপূর্ণ সময়ে কার্যত অকেজো হয়ে পড়েছে বুথ লেভেল অফিসারদের (BLO) ব্যবহৃত অ্যাপ।

রাজ্যজুড়ে একই সমস্যা

বিএলও-দের একাংশের অভিযোগ, বুধবার থেকে অ্যাপে বারবার নানা সমস্যা দেখা দিচ্ছে।

কারোর মোবাইল ফোনে দেখাচ্ছে, ‘সামথিং ওয়েন্ট রং’।

কোথাও আবার দেখাচ্ছে ‘নো রেকর্ডস্ ফাউন্ড’।

এর ফলে, ভোটারদের তথ্য আপলোড করতে গিয়ে পদে পদে হোঁচট খাচ্ছেন একাধিক বুথ লেভেল অফিসার।

কোচবিহার দক্ষিণ ২০৩/৪ নং বুথের বিএলও অশেষ বসাক বলেন, “অ্যাপটা কাজ করছে না। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকছি। শরীর আর দিচ্ছে না আমাদের।”

জোড়াসাঁকো ১৬৫/১৯৪ নং পার্ট-এর বিএলও তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, “আসা-যাওয়া আসা-যাওয়ার একটা খেলা খেলতে খেলতেই আমাদের এই কাজটা করে ফেলতে হবে। আমাদের নাকি প্রতিদিন একটা করে টার্গেট দেওয়া হচ্ছে। কিন্তু এই আসা-যাওয়ার খেলাটা কিন্তু বন্ধ হচ্ছে না।”

বিক্ষোভ ও রাজনৈতিক তরজা

সোমবার থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের মূল ভবনের উল্টো দিকে মঞ্চ বেঁধে অবস্থানে বসেছেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বৃহস্পতিবার, অবস্থানের মধ্যেই ডিজিটাইজেশনের কাজ করতে দেখা যায় একাধিক বিএলও-কে।

বিএলও-দের আরও দুই সংগঠনও অ্যাপের সমস্যা নিয়ে সরব হয়েছে:

শিক্ষক শিক্ষাকর্মী BLO ডিউটি প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক অনিমেষ হালদার বলেন, “ন্যূনতম পরিকাঠামোটুকু দিতে এত অসুবিধা হচ্ছে। অথচ, উল্টে BLO-দের উপর একটা মানসিক চাপ দেওয়া হচ্ছে। আমরা দাবি করছি দ্রুততার সঙ্গে এই পোর্টালের সমস্যা মেটানো হোক।”

BLO ঐক্যমঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “সমস্ত ভোটারদের তথ্য একবার রিভেরিফাই করার, রিচেক করবার জন্য যথেষ্ট সময় লাগবে। সেইসময়ে যদি BLO অ্যাপ কাজ না করে, এটা তো অত্যন্ত নেতিবাচক একটা প্রভাব পড়ছে।”

CEO দফতরে স্বীকারোক্তি

সূত্রের খবর, বিএলও অ্যাপ নিয়ে সমস্যার কথা স্বীকার করেছে CEO দফতর। তারা দিল্লিতে নির্বাচন কমিশনের কাছেও এই সমস্যার কথা জানিয়েছে। এর মধ্যেই বুধবার SIR বাতিলের দাবিতে ডালহৌসি থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করে SUCI।