‘শীত আসছে না!’ বঙ্গে পারদ খেলছে কেন? আসল কারণ জানাল হাওয়া অফিস!

হালকা ঠান্ডার রেশ সরিয়ে নতুন সপ্তাহে পারদ চড়বে বঙ্গে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়লে কমবে ঠান্ডার অনুভূতি। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অল্প অল্প করে বাড়তে শুরু করেছে, যা ২০ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

পারদ বাড়ার কারণ: নিম্নচাপের প্রভাব

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ অঞ্চলের কারণেই এই পারদের ওঠানামা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ অঞ্চলটি শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি রয়েছে এবং ক্রমে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও, এর ফলে জলীয় বাষ্প প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। এই জলীয় বাষ্প উত্তুরে হাওয়াকে ধাক্কা দিচ্ছে, যার ফলেই তাপমাত্রার এই ওঠানামা।

কবে জাঁকিয়ে শীত?

রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ, সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। আগামী চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে কার্তিক মাসে যে হালকা ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছিল, তা কিছুটা ম্লান হবে। হাওয়া অফিস এখনই জাঁকিয়ে শীত পড়ার কথা বলতে রাজি নয়। তাদের পূর্বাভাস—জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে আরও অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। আপাতত এই হালকা ঠান্ডার ওঠানামাতেই হেমন্ত পার করে শীতের প্রবেশ ঘটবে বঙ্গে।

মহানগরের আবহাওয়া

আজ, সোমবার, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। কলকাতা এবং তার আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। রবিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ।