সাগর মেলার আগে কড়া নির্দেশিকা! কাকদ্বীপের লট এইট-এর ১ নম্বর জেটির বদলে ব্যবহার করতে হবে ৪ নম্বর ঘাট, কবে থেকে শুরু নতুন নিয়ম?

আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেলার আগেই পুণ্যার্থীদের নির্বিঘ্নে সাগর দ্বীপে পৌঁছানোর সুবিধা নিশ্চিত করতে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং-এর কাজ। এই কাজের জন্য সাগরদ্বীপে যাওয়ার ভেসেল পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

ভেসেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ১৪ নভেম্বর থেকে সাগরে যাওয়ার জন্য কাকদ্বীপের লট এইট-এর ১ নম্বর জেটি ঘাটের বদলে যাত্রীদের ৪ নম্বর জেটি ঘাট ব্যবহার করতে হবে।

সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকেও ভেসেল এসে পৌঁছবে কাকদ্বীপের এই লট নম্বর এইটের ৪ নম্বর জেটিতে।

কেন এই পরিবর্তন?

আগে লট এইট-এর ১ নম্বর জেটি দিয়ে ভেসেল পারাপার করত এবং এলসিটি ঘাট দিয়ে বড় গাড়ি পারাপার করত। বর্তমানে এই পরিষেবা বন্ধ করা হয়েছে।

মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং-এর কাজ চলছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ড্রেজিং একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ শেষ হলে ভাটার সময়েও ভেসেল পারাপার করতে পারবে।

ড্রেজিং-এর পর চ্যানেল মার্কিং-এর কাজ চলবে, যার পরে নেভিগেশন সিস্টেমের অন্তর্ভুক্ত করা হবে এই পথটিকে।

যাত্রীদের সাময়িক অসুবিধা

১ নম্বর জেটি বন্ধ হওয়ায় নিত্যযাত্রীদের সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে। তবে সাগর মেলার বিপুল সংখ্যক পুণ্যার্থীদের সুবিধার স্বার্থে এই সমস্যা হাসিমুখে মেনে নেবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভেসেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সাগরে যাওয়ার জন্য এই ৪ নম্বর জেটি ঘাটই ব্যবহার করতে হবে। যদি কাজ চলাকালীন ভেসেলের সংখ্যা কমানো হয়, তবে সেই বিষয়েও দ্রুত জানানো হবে।