নিরাপত্তার বজ্র আঁটুনি! কাটোয়া-ব্যাণ্ডেল ইএমইউ-এর ভেন্ডর কামরাতেও তল্লাশি, রেল পুলিশের পদক্ষেপে খুশি যাত্রীরা!

দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের রেশ এখনও টাটকা। এর পরিপ্রেক্ষিতে বাংলার বিভিন্ন প্রান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার পূর্ব বর্ধমানের কাটোয়া রেল পুলিশ কাটোয়া-আজিমগঞ্জ রেলপথের ট্রেনে উঠে বিশেষ তল্লাশি অভিযান চালাল।

জানা যাচ্ছে, বুধবার দুপুর থেকে কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশির পাশাপাশি রেল পুলিশ সরাসরি ট্রেনের কামরায় উঠে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করেছে। সেই সঙ্গেই কাটোয়া-ব্যাণ্ডেল রেলপথে চলাচলকারী ইএমইউ (EMU) গাড়ির ভেন্ডর কামরাতেও তল্লাশি চালানো হয়।

যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ টিম

কাটোয়া রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলের কামরায় বিশেষ নজরদারি চালানোর জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। এই টিম মঙ্গলবার রাত থেকেই মেল-এক্সপ্রেস-সহ লোকাল ট্রেনে উঠে তল্লাশি অভিযান চালাচ্ছে।

রেল পুলিশের এই পদক্ষেপকে সাধারণ যাত্রীরা স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, “খুব ভালো কাজ। প্রত্যেক দিন পুলিশ তল্লাশি চালালে আরও ভালো হয়।”

প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের পর থেকেই বাংলার নানা জনবহুল এলাকায় নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে নেওয়া রেল পুলিশের এই পদক্ষেপকে সচেতন নাগরিক সমাজ সমর্থন করছে।