বিমান টিকিট বাতিলের নিয়মে বড় পরিবর্তন! রিফান্ড নিয়ে যাত্রীদের স্বার্থ রক্ষায় নতুন খসড়া নির্দেশিকা জারি করল DGCA

বিমানের টিকিট বাতিল ও রিফান্ড সংক্রান্ত একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে কঠোর পদক্ষেপ নিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। টিকিট বাতিলের পর অর্থ ফেরতে দেরি, অতিরিক্ত চার্জ কাটা এবং টাকা ফেরত না দিয়ে এয়ারলাইন্সের নিজস্ব ওয়ালেটে অর্থ আটকে রাখার মতো সমস্যার সমাধানে DGCA একটি নতুন খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে।
টিকিট বাতিলের নতুন নিয়ম: DGCA-এর এই নতুন প্রস্তাবের মূল আকর্ষণ হলো ‘লুক-ইন অপশন’ (Look-in Option)।
৪৮ ঘণ্টা সময়সীমা: যাত্রীরা টিকিট বুক করার পর ৪৮ ঘণ্টা বা দুই দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে টিকিট বাতিল বা সংশোধন করলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।
শর্ত: এই সুবিধা পেতে হলে ঘরোয়া ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার কমপক্ষে ৫ দিন আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১৫ দিন আগে টিকিট বুক করতে হবে।
রিফান্ড এবং চার্জ সংক্রান্ত কড়া নিয়ম:
ওয়ালেট রিফান্ড নিষিদ্ধ: যাত্রীর স্পষ্ট অনুমতি ছাড়া এয়ারলাইন্স আর রিফান্ডের টাকা তাদের ওয়ালেটে স্থানান্তর করতে পারবে না। টাকা ফেরত নেওয়ার মাধ্যম বেছে নেওয়ার অধিকার থাকবে যাত্রীর হাতে।
রিফান্ডের সময়সীমা: ট্র্যাভেল এজেন্ট বা অনলাইন পোর্টালের মাধ্যমে বুকিং হলেও রিফান্ডের সম্পূর্ণ প্রক্রিয়া ২১ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে মাত্র সাত দিনের মধ্যেই টাকা ফেরত দিতে হবে।
ক্যানসেলেশন চার্জ: চার্জ কোনোভাবেই বেসিক ফেয়ার এবং ফুয়েল সারচার্জের পরিমাণ অতিক্রম করতে পারবে না।
‘নো-শো’ রিফান্ড: যাত্রী টিকিট ব্যবহার না করলেও (নো-শো) বিমানবন্দর ফি এবং সমস্ত প্রযোজ্য ট্যাক্স ফেরত দিতে হবে।
নামের বানান সংশোধন: টিকিট কেনার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রী নিজের নামের বানান সংশোধন করলে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। তবে এই সুবিধা কেবল এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুক করা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য।
DGCA-এর এই যুগান্তকারী পদক্ষেপ এয়ারলাইন্সগুলির অস্বচ্ছতা কমাবে এবং যাত্রীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে। এই খসড়া প্রস্তাব নিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত সাধারণ মানুষ নিজের মতামত জানাতে পারবেন।