দীপাবলির রাতে বাইকের মুখোমুখি সংঘর্ষ পাঁশকুড়ায়! মেচগ্রাম রাজ্য সড়কে রক্তাক্ত ৪ যুবক, ঘটনাস্থলে মৃত ১

দীপাবলির রাতে রাজ্যের দুই প্রান্তে ঘটল দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-মেচগ্রাম রাজ্য সড়কের উপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। একইসঙ্গে, কৃষ্ণনগরে স্করপিওর ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারীর।

জানা গিয়েছে, দীপাবলির রাতে পাঁশকুড়া বনমালী কলেজ থেকে মেচোগ্রামের দিকে আসার সময় দুটি বাইক একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। অন্য তিন যুবক গুরুতর আহত হন। আহতদের প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

অন্যদিকে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত মাহাতো নামে এক ব্যক্তি একটি দোকানের সামনে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও (Scorpio) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তাঁকে ধাক্কা মারে এবং সোজা দোকানে ঢুকে উল্টে যায়।

এই দুর্ঘটনায় সুজিত মাহাতো গুরুতর জখম হন। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দোকানের সিসি ক্যামেরায় দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তটি ধরা পড়েছে।