খড়দহে রঙের কারখানায় দাউ দাউ আগুন! ২০টি ইঞ্জিনও ব্যর্থ, ভোরে কেন ঢাকল এলাকা কালো ধোঁয়ায়?

উত্তর ২৪ পরগনার খড়দহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার ভোরে এই এলাকার একটি রঙের কারখানায় আগুন লাগে। ভোরবেলা কারখানার দিক থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যা দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

জানা গিয়েছে, খবর পেয়ে প্রথমে কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও, আগুনের লেলিহান শিখা দেখে দ্রুত আরও ইঞ্জিন আনা হয়। সবমিলিয়ে মোট ২০টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিন্তু, এত সংখ্যক ইঞ্জিন কাজে লাগানোর পরেও এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, কারখানা বন্ধ থাকায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এটিই একমাত্র স্বস্তির বিষয়। তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।