মধ্যবিত্তের মাথায় হাত! ২০২৬ সালের প্রথম দিকেই সোনার দাম আউন্স প্রতি ৫০০০ ছুঁতে পারে, বড় পূর্বাভাস দিল HSBC

ধনতেরাস উপলক্ষে চড়া দাম থাকা সত্ত্বেও ২০২৫ সালে সোনা (Gold Price) এবং রূপোর দাম সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। দেশ জুড়ে সোনার কেনাকাটায় গত বছরের হিসাবকেও ছাপিয়ে গেছে। কিন্তু যে হারে দাম বাড়ছে, তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সকলের মনে প্রশ্ন, কবে কমবে সোনার দাম?

এই বিষয়ে বড় আপডেট দিল আন্তর্জাতিক ব্যাঙ্কিং সংস্থা এইচএসবিসি (HSBC) ব্যাঙ্ক।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পূর্বাভাস:

এইচএসবিসি ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি $৫,০০০ (পাঁচ হাজার ডলার) ছুঁয়ে ফেলতে পারে। বর্তমানে প্রতি আউন্স স্পট সোনার দাম $৪,৩০০-এরও বেশি।

এইচএসবিসি-র মতে, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, মার্কিন সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির বিপুল পরিমাণে সোনা ক্রয় এবং বাজারে নতুন ক্রেতাদের আগমনের মতো একাধিক কারণের জন্য সোনার দাম বাড়ছে।

কবে কমবে দাম?

এইচএসবিসি ব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, দীপাবলি এবং ছটপুজোর পরেও সোনার দাম কমার কোনো সম্ভাবনা নেই। উপরন্তু, আগামী ২০২৬ সালের প্রথমার্ধেও সোনার দামে ঊর্ধ্বগতি বজায় থাকবে।

বিশেষজ্ঞদের মত:

ব্যাঙ্কের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাস সোনার দাম বাড়তে থাকলেও, বছরের দ্বিতীয়ার্ধে দামে কিছুটা ওঠানামা লক্ষ্য করা যেতে পারে এবং দাম তখন কিছুটা কমলেও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে ভারতীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৩১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে এবং ২২ ক্যারেট সোনার দাম ৯৮,২৯০ টাকারও বেশি রয়েছে। রূপোর দামও রয়েছে প্রতি কেজি প্রায় ১.৯০ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে হলুদ ধাতুর দাম কমার আশায় প্রহর গুনছেন মধ্যবিত্তরা।