প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, বিশিষ্ট কাঁথা শিল্পী নীলাঞ্জনা ঘোষ প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন নীলাঞ্জনা দেবী। গত শুক্রবার তাঁর আর্টারিতে একটি জটিল অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত জীবনাবসান হয়। শনিবার বিকেল পাঁচটা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
পরিচালক-পত্নীর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে। পরিচালকের সহধর্মিনী বিয়োগে শোক প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কাঁথা শিল্পী হিসেবে শিল্পীমহলে অত্যন্ত সমাদৃত ছিলেন নীলাঞ্জনা ঘোষ। এদিন স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী–তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।”
মুখ্যমন্ত্রী আরও লেখেন, “তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল সুন্দর। সেসব কথা মনে পড়ছে। গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।”
এই দুঃসংবাদ পাওয়ার পর শোক প্রকাশ করেছেন বাংলার ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। বর্ষীয়ান পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন এবং পরিচালক হরনাথ চক্রবর্তী সহ একাধিক ব্যক্তিত্বের এদিন গৌতম ঘোষের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।