‘যুদ্ধ থামানো আমার কাছে জলভাত!’ পাক-আফগান সংঘর্ষ নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য, নোবেল না পাওয়ার আক্ষেপও ঝরে পড়ল

পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যু হওয়ায় তীব্র প্রতিবাদ জানাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই মর্মান্তিক ঘটনার জেরে আগামী নভেম্বরের ত্রিদেশীয় টি২০ সিরিজ থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আফগানিস্তান। এই সিরিজে তাদের পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার কথা ছিল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, গত শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় আকাশপথে হামলা চালায় পাকিস্তান। এই হামলায় তিন ক্রিকেটার-সহ মোট আট জন নিহত হন এবং সাত জন আহত হন। আফগান ক্রিকেট বোর্ডের তরফে নিহত ক্রিকেটারদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। বোর্ডের দাবি, ওই তিন ক্রিকেটার পাকতিকার রাজধানী শারানায় একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে উরগুনে ফিরছিলেন। তখনই তাঁদের লক্ষ্য করে ‘কাপুরুষোচিত হামলা’ চালানো হয়। এই ঘটনাকে ক্রীড়াজগতে অপূরণীয় ক্ষতি হিসাবে দেখছে এসিবি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আফগান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় টি২০ সিরিজে তারা অংশ নেবে না। টি২০ দলের অধিনায়ক রশিদ খানও সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এই হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে, এই সংঘাতের আবহে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব ভঙ্গিমায় তিনি দাবি করেন, পাকিস্তান ও আফগানিস্তানের এই দ্বন্দ্বের সমাধান করা তাঁর কাছে খুবই সহজ। তিনি সহজেই এই সংঘর্ষ থামাতে পারেন। তবে আপাতত দেশের শাসনভার থাকায়, এদিকে তিনি নজর দিচ্ছেন না বলে মন্তব্য করেন।
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ফের দাবি করেন, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন— যার মধ্যে ভারত-পাক যুদ্ধও রয়েছে। এত যুদ্ধ থামানো সত্ত্বেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নিজের আক্ষেপও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই আফগান-পাক সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে। আফগানিস্তানের সঙ্গে একটা সংঘর্ষ চলছে। এটা যদি আমাকে সমাধান করতে হয়, আমার পক্ষে তা খুব সহজ হবে। যুদ্ধ থামাতে আমি ভালোবাসি, কারণ মানুষের মৃত্যু আটকাতে ভালোবাসি। লক্ষ লক্ষ প্রাণ আমি বাঁচিয়েছি।’
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত চলছে। গত বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষিত হলেও, তার মেয়াদ শেষের আগেই পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলার জেরেই রক্ত ঝরল আফগান ক্রিকেটে।