‘রাজীব কুমারকে বাঁচাতে চাইছে সবাই’, মুখ্যমন্ত্রীকে জড়িয়ে মারাত্মক অভিযোগ সলিসিটর জেনারেলের, কী জানাল শীর্ষ আদালত?

সারদা চিটফান্ড দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি রাজীব কুমার। তাঁর আগাম জামিন বহাল রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। রাজীব কুমারের জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের করা আবেদনটি শুক্রবার খারিজ করে দিল শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ এদিন সিবিআইয়ের আবেদন খারিজ করে দেয়। উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেছিল। তার বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। ৬ বছর পর সেই আবেদনই খারিজ হল।
সুপ্রিম কোর্টের রায়ে আগাম জামিন বহাল থাকলেও, রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি বহাল থাকছে। এই মামলার ফলাফলের ওপরই নির্ভর করবে রাজীব কুমারের আগাম জামিনের ভবিষ্যৎ। শীর্ষ আদালত জানিয়েছে, আট সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে।
এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা অত্যন্ত বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, “এটা খুবই গুরুতর বিষয়। সিবিআই অফিসারদের হেনস্থা করা হয়েছিল, এমনকি মহিলা অফিসারদেরও ছাড়া হয়নি। আমি নাম নিচ্ছি না, কিন্তু মিস্টার রাজীব কুমারকে সবাই বাঁচাতে চাইছে। মুখ্যমন্ত্রী (পশ্চিমবঙ্গের) কী করেছিলেন, তা সবাই জানেন।”
প্রসঙ্গত, সারদা কাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সদস্য ছিলেন রাজীব কুমার। সিবিআইয়ের অভিযোগ ছিল, সিটের সদস্য হয়েও তদন্তে তিনি সহযোগিতা করেননি। সিবিআই তাঁকে হেফাজতে নিতে চেয়ে পদক্ষেপ করার পরই তিনি কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন।
এর আগে গত সোমবার শুনানির সময় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন তোলে, ২০১৯ সালে সিবিআই আবেদন করার পর এত দিনে একবারও কি শুনানির জন্য তারা পদক্ষেপ করেছিল? এই পর্যবেক্ষণের পরই এদিন সিবিআইয়ের আবেদন খারিজের সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।