ULFA না কি অন্য কেউ? আসাম-অরুণাচলে পরপর হামলা জঙ্গিদের, কাকোপাথার সেনা ক্যাম্পে রক্তক্ষয়ী কাণ্ড

বৃহস্পতিবার গভীর রাতে আসামের তিনসুকিয়া জেলার কাকোপাথারে তীব্র গুলিবর্ষণ এবং একাধিক বোমা বিস্ফোরণের (Grenade Attack) শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন।

নিউজ ১৮-এর রিপোর্ট অনুযায়ী, কাকোপাথার সেনা ক্যাম্পের কাছে প্রায় এক ঘণ্টা ধরে এই গুলি বিনিময় চলে। প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনীর ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিট ক্যাম্পকে লক্ষ্য করেই গ্রেনেড হামলা করা হয়েছিল।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, নিষিদ্ধ স্বাধীন ULFA গোষ্ঠী এই হামলা চালিয়েছে। উচ্চ আসামে একই ধরনের হামলা চালানোর পুরনো ইতিহাস রয়েছে তাদের।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করার জন্য বর্তমানে পুরোদমে তল্লাশি চালানো হচ্ছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা যে ট্র্যাকটি ব্যবহার করেছিল, সেটি পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশের টেঙ্গাপানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

উল্লেখ্য, শুধু কাকোপাথারেই নয়, বুধবার সকালেও অরুণাচল প্রদেশের চাংলাং জেলার মানমাও এলাকার হাটমান গ্রামে আসাম রাইফেলসের একটি ক্যাম্পেও NSCN (K-YA) সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে বলে রিপোর্ট মারফত জানা গিয়েছে। ভোররাতে সশস্ত্র জঙ্গিরা আসাম রাইফেলসের সদস্যদের ওপর গুলি চালায়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ওই হামলায় কমপক্ষে চারজন সেনা আহত হয়েছিলেন এবং তাঁদের মধ্যে দুজনকে জোরহাটের বিমানবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।