পুকুরের মাছ কমতেই নড়াচড়া! ধূপগুড়িতে কুমিরের শঙ্কায় চাঞ্চল্য, তদন্তে নামল ওয়াইল্ডলাইফ দল

সাম্প্রতিক বন্যার পর এবার নতুন এক আতঙ্কে দিন কাটাচ্ছেন জলপাইগুড়ির ধূপগুড়ির গধেয়ারকুঠি বগরিবাড়ি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় একটি পুকুরে অজানা বন্যপ্রাণীর আনাগোনার খবর মেলায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে কেউ বলছেন সেটি কুমির, আবার কেউ বলছেন অন্য কোনো বড় বন্যপ্রাণী।

পুকুর মালিকের দাবি:

পুকুরের মালিক হরিকান্ত রায় জানান, বন্যার পর থেকেই দিঘির মাছের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে।

“কয়েকদিন আগে মাছ দেখতে গিয়ে দেখি জলের মধ্যে কী একটা নড়ছে। প্রথমে ভেবেছিলাম বড় কোনও মাছ, কিন্তু পরে বোঝা গেল অন্য কিছু,” বলেন হরিকান্ত রায়।

এরপরেই বিষয়টি তিনি স্থানীয় বিধায়ক ও প্রশাসনকে জানান।

বিধায়কের তৎপরতা:

বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত হন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। তিনি জানান, এলাকাবাসীরা প্রবল আতঙ্কিত।

“এলাকাবাসী আতঙ্কিত। সবাই বলছে, পুকুরে কিছু একটা আছে। বিষয়টি নিয়ে বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ-এর সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা খতিয়ে দেখছেন,” বলেন বিধায়ক।

এদিন ওয়াইল্ডলাইফের সদস্যরা পুকুর এলাকায় গিয়ে খোঁজখবর নিলেও, আপাতভাবে চোখে পড়ার মতো কিছু মেলেনি।

অপেক্ষায় ‘সার্চ অপারেশন’:

বন্যার কারণে ধূপগুড়ি ও আশেপাশের এলাকায় বিভিন্ন বন্য জীবজন্তুর দেখা মিলছে। তাই এই ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব সেই অজানা বন্যপ্রাণের উপস্থিতি স্পষ্ট করা হোক। সূত্রের খবর, শুক্রবার ওই পুকুরে সার্চ অপারেশন চালানো হতে পারে। এখন সবার নজর সেই অপারেশনের দিকে—সেখানে কুমির ধরা পড়ে নাকি অন্য কোনো প্রাণী!