‘মমতা দিদিকে মা বলে ক্ষমা চাইছি’, ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল! দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাবার বক্তব্যে চরম মোড়

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী ধর্ষণ কাণ্ডে নাটকীয় মোড়। ঘটনার পর থেকে এতদিন রাজ্য সরকার, পুলিশ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেও বুধবার আচমকাই সম্পূর্ণ অবস্থান বদল করলেন নির্যাতিতার বাবা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং ন্যায়বিচার পাওয়ার জন্য তাঁর উপরই পূর্ণ ভরসা রাখার কথা জানিয়েছেন। তিনি পুলিশের তদন্তের উপরেও আস্থা প্রকাশ করেছেন।

তবে, কেন এই আকস্মিক ভোলবদল, সে বিষয়ে নির্যাতিতার বাবা স্পষ্ট করে কিছু জানাননি।

আগের অবস্থান ও ক্ষোভ:

গত শুক্রবার গণধর্ষণের শিকার হন ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া। ঘটনার শুরু থেকেই নির্যাতিতার বাবা-মা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিছুদিন আগেই তাঁরা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, “বাংলার সরকারের কোনও সাহায্য চাই না। আমি শুধু বিচার চাই। পুলিশ, মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন। এখানে কোনও নিরাপত্তা নেই। মেয়েকে ভুবনেশ্বর নিয়ে যেতে চাই।”

ঘটনার পর থেকে তিনি কার্যত পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতাদের ঘেরাটোপে ছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁর সঙ্গে দেখা করেন। এমনকি, বুধবার দুপুরেও তিনি কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছিলেন, “আপনার সোনার বাংলা সোনার থাক, আমরা মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যেতে চাই।” সিবিআই তদন্তের দাবিও তুলেছিলেন তিনি।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে মোড় পরিবর্তন:

দুপুরের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমের সামনে এসে সম্পূর্ণ বিপরীত কথা বলেন। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, “আমি মমতা দিদিকে মা বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওদের মেয়ে হিসেবেই আমার মেয়েকে রেখে যাচ্ছি। আমাকে নিজের ছেলের মতো ভেবে ক্ষমা করে দিন। উনি যা ন্যায় দেবেন, তাতেই আমরা খুশি।”

নির্যাতিতার বাবার এই দ্রুত ও সম্পূর্ণ অবস্থান বদল রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে। তবে, এই ‘ইউ টার্ন’-এর ফলে মামলার তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর সকলের।