একদিনে দিল্লি জয়! মোদী, শাহ, বৈষ্ণবের সঙ্গে ম্যারাথন বৈঠক, ত্রিপুরার উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার চলমান উন্নয়ন প্রকল্পগুলিতে কেন্দ্রের সমর্থন ও সহায়তা নিশ্চিত করতে বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ম্যারাথন বৈঠক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে এটি ছিল মুখ্যমন্ত্রীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লি সফর।

প্রধানমন্ত্রীর কাছে ৬টি বড় দাবি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানান, তিনি রাজ্যের একাধিক চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং ‘বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে তাঁর সহায়তা চেয়েছেন। মুখ্যমন্ত্রী মোদীর কাছে যে প্রধান প্রস্তাবগুলি পেশ করেছেন, তার মধ্যে রয়েছে:

এনএফএসএ স্কিমের অধীনে ব্রু-রিয়াং সম্প্রদায়ের অন্তর্ভুক্তি।

পিডিএসের গম বরাদ্দ বৃদ্ধি।

রাজ্যে রেলপথের ডাবল লাইন এবং আগরতলা–গুয়াহাটি রুটে বন্দে ভারত ট্রেন চালু।

এক্সটার্নালি এইডেড প্রজেক্টগুলির (EAPs) সিলিং সীমা বৃদ্ধি।

ইএমআরএস স্কুলের সংখ্যা ১৫-তে উন্নীতকরণ।

উনকোটিকে ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করা।

মুখ্যমন্ত্রী ড. সাহা সামাজিক মাধ্যমে তাঁর সন্তোষ প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরার উন্নয়নে গতি এসেছে।

রেল ও সাইবার সুরক্ষায় নজর:

পরে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন। এই সাক্ষাতে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়। আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালু করা, রেলওয়ে ট্র্যাক ডাবল করা, বৈদ্যুতিক ট্রেন পরিষেবা শুরু করা এবং দীর্ঘ দূরত্বের রুটে উন্নত মানের কোচ চালু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও, সাইবার সিকিউরিটি হাব এবং কল সেন্টারগুলির উন্নয়ন নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।

এইমসের মডেলে জিবি হাসপাতাল: ঐতিহাসিক চুক্তি

এদিন ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার উপস্থিতিতে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

এই চুক্তি অনুসারে, রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবি পন্থ হাসপাতালকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি ‘মেডিক্যাল হাবে’ রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে, যা নয়া দিল্লির এইমসের মডেলে গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মেডিক্যাল কলেজ সহ হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানের চিকিৎসা, শিক্ষা এবং সুপার স্পেশালিটি পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করাই এই চুক্তির মূল লক্ষ্য।

এছাড়া, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।