‘একটা পয়সাও কারোর থেকে পাইনি, তবুও রাজ্য সরকার এত কিছু করেছে!’ উত্তরবঙ্গ বিপর্যয়ে বঞ্চনার সুর মমতার

বিপর্যস্ত উত্তরবঙ্গে টানা চারদিন ধরে থাকার পর বুধবার দার্জিলিঙে জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ের পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি, এখনও পর্যন্ত রাজ্য সরকার দুর্গতদের জন্য কী কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত খতিয়ান তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গে তাঁর মুখে শোনা যায় কেন্দ্রের কাছ থেকে বঞ্চনার সুর।
বঞ্চনার সুর ও ক্ষতিপূরণ:
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কিন্তু একটা পয়সাও কারোর কাছ থেকে পাইনি। কিন্তু তারপরও দেখছেন কীভাবে আমাদের সরকার দুর্গতদের জন্য কাজ করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “এখন যে পরিমাণ ধ্বংস হয়েছে, যে নির্মাণ করতে হবে, ব্রিজ ভেঙেছে বহু, অনেক কালভার্ট, রাস্তা, বাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র নষ্ট হয়েছে। চাষের প্রচুর ক্ষতি হয়েছে। চাষিদের শস্য বিমার টাকা দেওয়া হবে।”
প্রথম থেকেই বিরোধীরা, বিশেষত শুভেন্দু অধিকারী, অভিযোগ করছিলেন যে বিপর্যয়ের পর রাজ্য সরকারের প্রতিনিধিদের দেখা যায়নি এবং উদ্ধারকার্য মূলত এনডিআরএফ এবং সেনারাই চালিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সেই অভিযোগের জবাব দিলেন। সোমবারও তিনি বামনডাঙা থেকে একই সুরে বলেছিলেন, “সবটাই তো আমাদের করতে হয়। দিল্লি এক পয়সাও দেয় না।”
পুনর্গঠন ও ত্রাণ শিবির:
দুধিয়া ব্রিজ ধসে গেলেও সেখানে দ্রুত অস্থায়ী সেতু তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মিরিকে যেদিকটায় গিয়েছিলাম, দুধিয়া ব্রিজের কাছে, দেখলাম, একটা পায়ে হাঁটার ব্রিজ তৈরি করা হয়েছে, আরেকটা অস্থায়ী ব্রিজ তৈরি করা হচ্ছে সাত দিনের মধ্যে। তাছাড়া পাকা ব্রিজও তৈরি হচ্ছে।”
মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিঙে চারটি ব্লক, ৯টি পৌরসভায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেবল দার্জিলিঙেই ১ হাজার ৩০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তিনি উদ্ধারকারী, পুলিশ এবং আইসি, এসপি-দের কাজের প্রশংসা করে কুর্নিশ জানান।
বর্তমানে মিরিক বাজার, সুখিয়াপোখরিতে রিলিফ ক্যাম্প চলছে।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে’ কাজও বর্ধিত করা হয়েছে।
প্রতি ব্লকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে।
যাঁদের নথি হারিয়ে গিয়েছে, তাঁরা রিলিফ ক্যাম্প থেকে আবেদন করলেই, সেখানেই নতুন নথি করে দেওয়া হচ্ছে।
তহবিল গঠন:
দুর্গতদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফে একটি তহবিল গঠন করা হয়েছে। এদিন অরূপ বিশ্বাস সেই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেন। অ্যাকাউন্টের নাম: ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’। অ্যাকাউন্ট খোলা হয়েছে ICICI ব্যাঙ্কের হাওড়া শাখায়, অ্যাকাউন্ট নম্বর: 628001041066, IFSC No- ICICI icic0006280।