‘টাকা দেবেন না! বিধানসভা ভোটের পর নতুন নীতি আনব’, টোটো রেজিস্ট্রেশন নিয়ে শুভেন্দুর চরম হুঁশিয়ারি

রাজ্যজুড়ে টোটো পরিষেবা নিয়ন্ত্রণের জন্য নম্বর প্লেট ও কিউআর কোড চালুর যে উদ্যোগ রাজ্য পরিবহণ দপ্তর নিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য টোটো চলাচলে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা রোধ করা, কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এর পেছনে শাসকদল তৃণমূলের গভীর রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পেয়েছেন।
মঙ্গলবার সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন। তাঁর দাবি, “২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে ৫ লক্ষ টোটো–চালককে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। যাতে ভবিষ্যতে তৃণমূলের সভা বা মিছিলে লোক জড়ো করতে অসুবিধা না হয়।”
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধী দলনেতা অভিযোগ করেন, “পুজোর অনুদান বাড়ানো হচ্ছে, অথচ গরিব টোটো চালকদের কাছ থেকে বছরে হাজার টাকা করে রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে! এই সিদ্ধান্ত সরকারকে এখনই প্রত্যাহার করতে হবে।”
এর পাশাপাশি, শুভেন্দু অধিকারী টোটো চালকদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বলেন, “টোটো চালকরা এখনই কোনও টাকা দেবেন না সরকারকে। বিধানসভা ভোটের পরে আমরা নতুন নীতি আনব।”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “রাজনীতি আর প্রশাসন আলাদা জিনিস, সেটা শুভেন্দু অধিকারী বোঝেন না। তিনি সংকীর্ণ রাজনীতির বাইরে কিছুই দেখতে পান না।”
অরূপ চক্রবর্তীর দাবি, “প্রতিদিনই অনিয়ন্ত্রিত টোটো চলাচলে দুর্ঘটনা ঘটছে। এতে টোটো চালক ও পথচলতি উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। বিজেপি আসলে বিশৃঙ্খলার রাজনীতি করছে। শুভেন্দু অধিকারীর এই উস্কানিতে কোনও টোটো চালক সাড়া দেবেন না।”
রাজ্য সরকারের মতে, বহু মানুষের জীবিকা টোটোর সঙ্গে যুক্ত। তাই টোটো পরিষেবা বন্ধ না করে সেটিকে নিয়ম ও নিরাপত্তার আওতায় আনা জরুরি। পরিবহণ দপ্তর সূত্রে খবর, টোটো রেজিস্ট্রেশন ও নম্বরপ্লেট ব্যবস্থার মাধ্যমে টোটো চালকদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের লক্ষ্য যেখানে দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা, সেখানে বিরোধী নেতার মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।