আমেরিকার চরম গোপন নথি ফাঁস! চীনা এজেন্টের সঙ্গে বৈঠকের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত স্কলার গ্রেফতার

আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত চরম গোপন নথি বেআইনিভাবে রাখা এবং চীনা আধিকারিকদের সঙ্গে দেখা করার মতো গুরুতর অভিযোগে গ্রেফতার করা হলো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান স্কলার অ্যাশলে টেলিসকে। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান এই গ্রেফতারি কার্য সম্পন্ন করেছেন।
সংবাদসংস্থা এএফপি-এর খবর অনুযায়ী, গত ১১ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়, যখন তাঁর রোমে যাওয়ার কথা ছিল।
মার্কিন অ্যাটর্নি হ্যালিগান দাবি করেছেন, “যে কোনো বৈদেশিক এবং অভ্যন্তরীণ বিষয় থেকে আমেরিকার মানুষকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। যে অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে, তা সত্যি হলে বিষয়টি আমেরিকার মানুষের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নের সাথে সরাসরি জড়িত।”
প্রায় ২০ বছর ধরে আমেরিকান প্রশাসনের উপদেষ্টা হিসেবে কাজ করে আসা টেলিসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর বাড়িতে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত প্রায় ১০০০ পাতার ‘টপ সিক্রেট’ (Top Secret) এবং গোপন নথি বেআইনিভাবে রেখেছিলেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর টেলিস আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে যান এবং সেখান থেকে মার্কিন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত নথি প্রিন্ট করান। এরপর ভার্জিনিয়া ফেয়ারফেক্সের একটি রেস্তোরাঁয় এক চীনা আধিকারিকের সঙ্গে তিনি দেখা করেন।
জানা গেছে, ওই ডিনার পার্টিতে টেলিস একটি ম্যানিলা খাম নিয়ে ঢোকেন, কিন্তু বেরনোর সময় তাঁর হাতে সেটি ছিল না। এছাড়াও, দু’বার তাঁকে চীনা আধিকারিক ‘গিফট ব্যাগ’ দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
মার্কিন অ্যাটর্নি অফিসের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দোষী সাব্যস্ত হলে অ্যাশলে টেলিসের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ২৫০,০০০ ডলার জরিমানা, ১০০ ডলার বিশেষ মূল্যায়ন এবং অন্যান্য জরিমানা হতে পারে। এই ঘটনা আমেরিকার নিরাপত্তা মহলে বড় ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছে।