‘৫ হাজার কোটি টাকা গেল কোথায়?’ উত্তরবঙ্গ ত্রাণ তহবিলের পাল্টা কেন্দ্রের তহবিল তছরূপের অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর রাজ্য সরকারের নতুন ত্রাণ তহবিল গঠন নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। রাজ্যের বিরুদ্ধে ইঙ্গিতে দিল্লির পাঠানো বিপর্যয় মোকাবিলা তহবিল তছরূপের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেছেন, কেন্দ্রের দেওয়া সেই বিশাল অঙ্কের টাকা কোথায় গেল?

মঙ্গলবার সকালে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বড় অভিযোগটি করেন। সম্প্রতি উত্তরবঙ্গের বিপর্যয় পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং দুর্গতদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার একটি নতুন ত্রাণ তহবিল গঠন করেছে, যেখানে যে কেউ নিজের সামর্থ্য মতো দান করতে পারবেন।

রাজ্যের এই নতুন ত্রাণ তহবিল গঠন নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, কেন্দ্রের পাঠানো সেই অর্থ কোথায় খরচ হলো?

তিনি বলেন, “২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেন্দ্রের যে শেয়ার, যা প্রায় ৫ হাজার কোটি টাকার সমান, সেটা গেল কোথায়? সেই SDRF ফান্ড (State Disaster Response Fund), যেটার জন্য কেন্দ্র সরকার ৭৫ শতাংশ টাকা দেয়, সেটা গেল কোথায়? আমি যত দূর জানি, গত পাঁচ বছরে এই তহবিলে কেন্দ্র ৫ হাজার কোটি টাকা দিয়েছে।”

প্রসঙ্গত, এই SDRF ফান্ড হলো কেন্দ্রের তৈরি একটি তহবিল, যা রাজ্যগুলিকে বিপর্যয় মোকাবিলার জন্য দেওয়া হয়। যে কোনো বিপর্যয়ের সময় দুর্গতদের ক্ষতিপূরণ প্রদান, ভেঙে পড়া সড়ক ও বাড়ি নির্মাণ সহ নানা কাজে এই অর্থ ব্যবহার করার কথা।

উল্লেখ্য, করোনা মহামারীর সময়ও রাজ্য সরকার কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবিলার লক্ষ্যে একই রকম একটি তহবিল তৈরি করেছিল। এবারও মানুষের পাশে দাঁড়াতে নতুন তহবিল তৈরি হলো, যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।