‘শুটিং চলছে’, বলেই পার পেলেন না! খেজুরিতে আয়কর দফতরের ভুয়ো গাড়ির নীল বাতি বন্ধ, প্রশ্ন তুললেন স্থানীয়রা

পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভা এলাকায় নীল বাতি ও আয়কর দফতরের লোগো লাগানো একটি গাড়ির গতিবিধি নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার ভোররাতে হেড়িয়া বাজার সংলগ্ন তল্লা ব্রিজের কাছে গাড়িটিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, কোনও সরকারি অনুমতি ছাড়াই ‘শুটিং’-এর নামে লোগো ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ওই গাড়ির আরোহীদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তাঁরা ধমক দেন। পরে জানান, সরকারি দফতরের একটি ‘শুটিং’ চলছিল। এত প্রত্যন্ত গ্রামে কেন শুটিং, সেই প্রশ্ন উঠলে তাঁরা টিভি৯ বাংলার ক্যামেরার সামনে স্বীকার করেন যে আয়কর দফতরের কোনও অনুমতি ছাড়াই তাঁরা লোগো ব্যবহার করছেন। তাঁরা আরও জানান, কোনও এক সিনেমার শুটিং চলছে।

প্রশ্ন তুললেন স্থানীয়রা:

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় পুলিশের ভূমিকা ও সরকারি লোগোর অপব্যবহার নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

স্থানীয়দের প্রশ্ন, “রাত আড়াইটার সময় কোন সিনেমার শুটিং চলছে?”

পুলিশের পোশাক পরে জনবহুল রাস্তায় দাঁড়িয়ে সরকারি লোগো ব্যবহার করে, কোনও সরকারি অনুমোদন ছাড়া কীভাবে এই কাজ করা হচ্ছে?

তেঁতুলতলা দিক থেকে ফেরার পথে বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিটের রাজ্য সভাপতি ওই নীল আলো এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শুটিং করার কথা জানালেও, সরকারি অথরাইজেশন লেটার বা অনুমতিপত্র দেখাতে পারেননি।

স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে গাড়ির নীল বাতি বন্ধ করে ভুল স্বীকার করেন বহিরাগতরা। শেষ পর্যন্ত অনুমতিপত্র দেখাতে না পারায় এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে সরকারি এজেন্সির ভুয়ো গাড়ির ব্যবহার এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।