ছত্তীসগঢ়ে ফের নকশাল তাণ্ডব! পুলিশ ইনফর্মার সন্দেহে নৃশংসভাবে খুন বিজেপি কর্মী, ছড়িয়েছে চরম আতঙ্ক

ছত্তীসগড়ের বিজাপুর জেলায় ফের নকশাল হামলায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্কেরে সত্যম পুনেম নামে ওই বিজেপি কর্মীকে পুলিশ ইনফর্মার সন্দেহে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে জানা গেছে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে মাওবাদী মাডেড এরিয়া কমিটির তরফে প্রকাশিত একটি হাতে লেখা প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ওই লিফলেটে লেখা আছে, সতর্ক করার পরও পুনেম পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং গোপনে পুলিশের কাজে সহযোগিতা করছিলেন। তিনবার সতর্ক করা সত্ত্বেও তিনি না থামায় তাঁকে ‘মৃত্যুদণ্ড’ দেওয়া হয়েছে বলে দাবি করেছে মাওবাদী দলটি।
স্থানীয় সূত্রে খবর, এই বছরই বস্তার অঞ্চলের সাতটি জেলায় নকশাল-সম্পর্কিত বিভিন্ন হামলায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই ফের এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগজনকভাবে, গত দু’বছরে (২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত) নকশালপন্থীরা মোট ১১ জন বিজেপি নেতা ও কর্মীকে খুন করেছে।
গত বছরও এমন এক ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিজেপির প্রাক্তন মণ্ডল সাধারণ সম্পাদক বীরজু তরাম। মহলা-মানপুর-অম্বাগড় চৌকি জেলার সারখেদা গ্রামে অন্তত ৮ থেকে ১০ জন সশস্ত্র মাওবাদী তাঁকে নির্বাচনী বৈঠক সেরে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করেছিল।
স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেছেন, বারবার হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও রাজ্য প্রশাসন বা পুলিশ রাজনৈতিক কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। ফলে নকশাল অধ্যুষিত অঞ্চলে এখনও বহু রাজনৈতিক কর্মীকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।