‘লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে…!’ তালিবান প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়ায় দেওবন্দের তীব্র সমালোচনা জাভেদ আখতারের

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর এবং তাঁকে সাহারানপুরের দারুল উলুম দেওবন্দে দেওয়া জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ঘিরে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। বিশ্বের সবচেয়ে জঘন্য সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিনিধিকে এভাবে সম্মান জানানোয় তিনি লজ্জায় মাথা হেঁট হওয়ার কথা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স হ্যান্ডেলে’ (টুইটার) একটি পোস্টে জাভেদ আখতার তালিবান নেতাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানোর জন্য দারুল উলুম দেওবন্দের তীব্র সমালোচনা করেন।

তিনি লেখেন, “বিশ্বের সবচেয়ে নোংরা সন্ত্রাসী গোষ্ঠী তালিবানের প্রতিনিধিকে যে ধরণের সম্মান ও সংবর্ধনা দেওয়া হয়েছে, তা দেখে আমার মাথা লজ্জায় নিচু হয়ে যায়। দেওবন্দেরও লজ্জা হওয়া উচিত তাদের ‘ইসলামিক হিরো’ কে এত শ্রদ্ধাভরে স্বাগত জানানোর জন্য, যারা মেয়েদের শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিল ইনি তাদের মধ্যে একজন। আমার ভারতীয় ভাই ও বোনেরা! আমাদের সঙ্গে কি হচ্ছে!”

আখতারের এই পোস্ট সামনে আসার পরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক নেটিজেন অবশ্য বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে বলেন, “লজ্জার বিষয়। এটা উপেক্ষা করা উচিত নয় যে বর্তমান মোদি সরকার তালিবান প্রতিনিধিদের প্রোটোকল দিয়ে স্বাগত জানিয়েছে…তাই যখন ‘সন্ত্রাস বনাম সন্ত্রাস’ বক্তৃতা আসে, তখন পর্দার আড়ালে কে লাল গালিচা বিছিয়ে দিচ্ছে তা পরীক্ষা করে দেখুন।”

অন্যদিকে, অন্য এক নেটিজেন ভূ-রাজনীতির যুক্তি দিয়ে বলেন, “তালিবান এফএম-কে সম্মান জানানোর অর্থ এই নয় যে, আমরা তাদের বিশ্বাসের সঙ্গে একমত। হয়তো আমরা তাদের উপর ভালো প্রভাব ফেলতে পারি এবং তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে সাহায্য করতে পারি।”

উল্লেখ্য, গত ১১ অক্টোবর দারুল উলুম দেওবন্দের মোহতামিম (উপাচার্য) আবুল কাসিম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী এবং দারুল উলুমের কর্মকর্তারা মুত্তাকিকে ইসলামিক মাদ্রাসায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন।