ডায়মন্ড হারবারে মাটির নিচে কোটি টাকার ওষুধ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ নিয়ে তীব্র বিতর্ক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সেবাশ্রয়’ মডেলকে ঘিরে এবার উঠল কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য তৈরি এই প্রকল্পের ওষুধ মাটির নিচে পুঁতে রাখার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে রাশি রাশি সরকারি ওষুধ, যা নিয়ে দানা বেঁধেছে চরম বিতর্ক।
কীভাবে এল সামনে?
বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় পৌঁছান স্থানীয় বিজেপি কর্মীরা। জেসিবি মেশিন দিয়ে মাটি খোঁড়ার পরই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ওষুধের স্টক। অভিযোগ, এই ওষুধগুলো ‘সেবাশ্রয়’-এর চিকিৎসার জন্য সরবরাহ করা হয়েছিল। উদ্ধার হওয়া ওষুধগুলোর মেয়াদ ফুরোনোর তখনও ঢের দেরি ছিল বলে দাবি করা হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগের তির কার দিকে?
এই ঘটনার নেপথ্যে মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে বড়সড় কালোবাজারির অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির স্থানীয় নেতা উত্তম বাগ বলেন, “গোপন সূত্রে খবর পেয়েই আমরা প্রশাসনকে জানাই। পুলিশ ও স্বাস্থ্য দফতরের উপস্থিতিতে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ ওষুধ। সাধারণ মানুষের জন্য আসা এই ওষুধ কেন ব্যবহারের বদলে মাটিতে পুঁতে রাখা হলো? এটি নিছক ঘটনা নয়, বরং পরিকল্পিত দুর্নীতি।”
তদন্তে প্রশাসন
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে পুলিশ এবং জেলা স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে। বিষয়টি ড্রাগ কন্ট্রোল বিভাগের নজরেও আনা হয়েছে। তবে উদ্ধার হওয়া ওষুধগুলো কি কালো টাকা সাদা করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল, নাকি অন্য কোনো বড় কোনো দুর্নীতির যোগ রয়েছে—তা নিয়ে তদন্তকারীদের রিপোর্টই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।